এইচএসসি পরীক্ষার প্রথম অংশেই থাকবে বহুনির্বাচনী অংশ। এ অংশে তোমাদের পরীক্ষার নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ও সেট কোড পূরণ করতে হবে, যা কম্পিউটার রিডারেবল হবে। অতি সতর্কতা বজায় রেখে এ অংশ পূরণ করতে হবে। এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনেকেই মানসিকভাবে উত্তেজনায় ভোগে; যার ফলে অসতর্কতার জন্য এ অংশে প্রায়ই ভুল হয়ে থাকে। আর ভুল হলে অনেকেই হতাশ হয়ে পুরো পরীক্ষা খারাপ করে বসে। এ জন্য তোমাকে অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে এ কাজগুলো সমাধান করতে হবে।
পরীক্ষা হলে কমপক্ষে ৩০ মিনিট সময় হাতে নিয়ে যাবে। ওএমআর শিট পেয়ে তাড়াহুড়া না করে অবশ্যই তোমাকে ধীরে-সুস্থে পূরণ করতে হবে। বুঝতে অসুবিধা হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে জানাবে তিনি তোমাকে সর্বাত্মক সহায়তা করবেন।
পরীক্ষায় সচরাচর ভালো করার জন্য শিক্ষকরা যে বিষয়কে বেশি গুরুত্ব দিয়ে থাকেন তা হলো, খাতার সৌন্দর্য রক্ষা, বানানের প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ, বাক্য গঠনে শব্দ প্রয়োগের সৌন্দর্য, অপ্রয়োজনীয় শব্দ বা ভাষা বর্জন, কাটাকাটি যতদূর সম্ভব না করা, অপ্রাসঙ্গিক বিষয় উপস্থাপন থেকে বিরত থাকা, প্রশ্নোত্তরে স্বচ্ছতা থাকা, প্রয়োজনীয় মার্জিন বা মার্জিনের জায়গা রাখা, সৃজনশীলের ক্ষেত্রে উদ্দীপক ও পাঠ্যবইয়ের সমন্বয় সাধন।