রাশিয়ার মুসলিমপ্রধান অঞ্চল দাগেস্তানে গির্জায় ও সিনাগগে ধারাবাহিক হামলার ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গত রবিবার সন্ধ্যার দিকে দাগেস্তানের প্রধান দুই গুরুত্বপূর্ণ শহর মাখাচকালায় ও ডারবেন্টে বন্দুকধারীরা সমন্বিত হামলা চালায়।
রাশিয়ার সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বন্দুকধারীরা প্রথমে ককেশসা অঞ্চলের প্রাচীন শহর ডারাবেন্টের একটি অর্থোডক্স গির্জায় ও একটি সিনাগগে হামলা চালায়। তারা গির্জার একটি আইকনে আগুন লাগিয়ে দেয় ও এর প্রধান যাজককে হত্যা করে।
প্রায় একই সময় দাগেস্তান প্রজাতন্ত্রের রাজধানী মাখাচকালায় বন্দুকধারীরা একটি ট্র্যাফিক পুলিশ ফাঁড়িতে ও একটি গির্জায় গুলিবর্ষণ করে। রাশিয়ার তদন্তকারী কমিটি জানিয়েছে, দুই হামলায় ১৫ জন পুলিশ সদস্য ও চারজন বেসামরিক নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত পাঁচজন হামলাকারী নিহত হয়েছেন।