এমপি আনার হত্যা

মোবাইল উদ্ধারে নামছে ডিবি, বাবু জেলা কারাগারে

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় আলামত উদ্ধারে ঝিনাইদহ যাচ্ছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশ। আসামি শিমুল ভূঁইয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা তিনটি মোবাইল ফোন ঝিনাইদহ শহরের দুটি পুকুরে ফেলে দেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবু। সেসব মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহে যাচ্ছে ডিবি পুলিশের তদন্ত টিম। দুই-এক দিনের মধ্যে ডিবি টিম যাচ্ছে। তার আগে বাবুকে কাশিমপুর কারাগার থেকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর করা হয়েছে।

এদিকে এমপি আনারের মেয়ে ডরিন ডিএনএ নমুনা দিতে আগামী ৩ জুলাই ভারত যাবেন। তাদের সঙ্গে ডিবির একটি তদন্ত টিমও যাওয়ার কথা রয়েছে। তবে গতকাল মঙ্গলবার পর্যন্ত ডিবির তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি আদেশ (জিও) হয়নি। ভারত যাওয়ার বিষয়ে এমপি আনারের ব্যক্তিগত সহকারী আবদুর রউফ বলেন, ‘এমপির মেয়ে ডরিন, বড় ভাই ইমান খান ও আমি যাব। আমাদের সঙ্গে ডিবির একটি টিমও যাবে বলে শুনেছি।’

গতকাল দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার করা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহম্মেদ ওরফে গ্যাস বাবু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে মোবাইলগুলো কোথায় কোথায় ফেলেছেন তা বলেছেন তিনি। তারই ধারাবাহিকতায় আদালতের কাছে বাবুকে সঙ্গে নিয়ে আলামত উদ্ধারের জন্য আবেদন করা হয়। গ্যাস বাবু আদালতে বলেছেন, তিনি একজন নেতার নির্দেশে আশপাশের কোনো এক নালা বা পুকুরে ফেলে দিয়েছেন মোবাইল। কোন নালা বা পুকুরে ফেলেছেন তা তিনি আদালতকে জানিয়েছেন।

তিনি আরও বলেন, গ্যাস বাবুকে সঙ্গে নিয়ে একজন ম্যাজিস্ট্রেটসহ মামলার তদন্তকারী কর্মকর্তাকে নিয়ে আলামত উদ্ধারে চেষ্টা চালানো হবে। পানির মধ্যে থেকে আলামত উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও জেলেদের কাজে লাগানো হবে।

আলামতগুলো কেউ সরিয়ে ফেলতে না পারে সেজন্য আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন কি না, জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, এ বিষয়ে স্থানীয় পুলিশকে অবহিত করা হয়েছে। অবশ্যই সেটা নজরদারিতে থাকবে। যখন গ্যাস বাবু গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হয় তখন বলেছিলেন, মোবাইলগুলো হারিয়ে গেছে, এজন্য তিনি জিডি করেছেন। এ মোবাইলগুলো দিয়েই আনার হত্যার মূল ঘাতক আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া গ্যাস বাবুর সঙ্গে অসংখ্যবার কথা বলেছেন। এ ছাড়া অসংখ্য মেসেজ তারা আদান-প্রদান করেছেন। মোবাইলগুলোতে ডিজিটাল তথ্য-উপাত্ত আছে বলে মনে করছেন তিনি। না হলে গ্যাস বাবু মোবাইলগুলো পানিতে ফেলে দেবেন কেন? সেজন্য মোবাইল উদ্ধার করা অনেক জরুরি।

ডরিন কবে নাগাদ কলকাতায় যাবেন, এমন প্রশ্নের জবাবে হারুনর অর রশীদ বলেন, কলকাতা পুলিশের সঙ্গে এমপি আনারের পরিবারের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। ডরিন কিছুটা অসুস্থতা, এজন্য হয়তো দেরি হচ্ছে। তারা শিগগিরই কলকাতায় যাবেন ডিএনএ নমুনা দেওয়ার জন্য।

কাশিমপুর থেকে ঝিনাইদহ কারাগারে বাবু : আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবুকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল বিকেল ৩টা ৪৫ মিনিটে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর করা হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জেলার মহিউদ্দিন হায়দার। তিনি বলেন, কাজী কামাল আহম্মেদ বাবু নামে এক আসামিকে বুঝে পেয়েছেন তারা।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দীন জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক (এসআই) আলী হোসেনের নেতৃত্বে প্রিজন ভ্যানটি কারাগারে আসে। বাবুকে ঝিনাইদহে আনার আগে সকাল থেকে কারাগারের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ।