আগামী বছরের এইচএসসি পরীক্ষা এপ্রিল থেকে নেওয়ার পরিকল্পনা

এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছর থেকে এপ্রিল মাসে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আগামীকাল রবিবার (৩০ জুন) থেকে এবারের পরীক্ষা শুরু হচ্ছে। শিক্ষা বোর্ডগুলো আগামী বছরের পরীক্ষা এপ্রিল থেকে নেওয়ার পরিকল্পনা করছে।

এ বিষয়ে পরীক্ষা শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আগে এইচএসসি পরীক্ষা এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু করা হলেও করোনার কারণে ঠিকসময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এবার কিছুটা এগিয়ে আনা হয়েছে। আগামী বছর থেকে এপ্রিলেই এই পরীক্ষা শুরু করার পরিকল্পনা করা হয়েছে।

এদিকে আগামীকাল থেকে সিলেট বিভাগ বাদে সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বন্যা পরিস্থিতির কারণে শুধু সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে।