এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় ১০ বোর্ডে ১ লাখ ৫৮ হাজার ২৬৮ পরীক্ষার্থী

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১০:২০ পিএম

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় রেকর্ডসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার পর পুনঃপরীক্ষা (সাপ্লিমেন্টারি) নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ পরীক্ষায় অংশ নিতে ১০টি শিক্ষা বোর্ডে এ পর্যন্ত ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী আবেদন করেছে।

আগামী ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার ফরম পূরণ শুরু হয় গত ৫ নভেম্বর, যা চলে ৯ নভেম্বর পর্যন্ত।

শুক্রবার (১৩ নভেম্বর) সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, এখনো একটি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের আবেদনের তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। অকৃতকার্যদের মধ্যে এক ও দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।

ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন জানিয়েছিলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা এক মাসের মধ্যে নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত