কাতারের দোহায় তালেবানের সঙ্গে প্রায় ২৫ দেশের প্রতিনিধির দুদিনব্যাপী বৈঠক শুরু হচ্ছে আজ রবিবার। তবে জাতিসংঘের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে অংশ নিতে থাকছেন না কোনো আফগান নারী। ফলে এটি নিয়ে সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।
২০২১ সালের আগস্টে ক্ষমতা নেওয়ার পর তালেবানের সঙ্গে এটিই এমন প্রথম বৈঠক। জাতিসংঘের রাজনীতিবিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো দুদিনের বৈঠকে সভাপতিত্ব করবেন। তিনি বলেছেন, বৈঠকের প্রতিটি সেশনে নারী অধিকারের বিষয়টি তোলা হবে। তিনি এও বলেছেন, এটা (বৈঠক) স্বীকৃতি (তালেবানকে) দেওয়ার বৈঠক নয়। সেখানে (বৈঠকে) তালেবান নয়, আফগানিস্তান ও সে দেশের জনগণ নিয়ে কথা হবে। টেকসই শান্তি, আন্তর্জাতিক আইন, মানবাধিকার মেনে চলাসহ নানা বিষয়ে কথা হবে বলে জানান ডিকার্লো।
আর তালেবান বলছে, তারা অর্থনীতি, ব্যাংকব্যবস্থা, বেসরকারি খাতের উন্নয়ন, মাদক পাচার এসব বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী।