সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা!
তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। আশা করি, এর জন্য সুন্দর প্রস্তুতি নিয়েছ এবং সে অনুযায়ী ভালোভাবে পরীক্ষা দিচ্ছ। মনে রাখতে হবে এই পরীক্ষার ফলাফলই তোমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই শেষ সময়ের প্রস্তুতি জোরদার করতে ও মানসিক চাপ কমাতে কিছু কার্যকর প্রস্তুতিমূলক পরামর্শ দিচ্ছি এই লেখার মাধ্যমে।
১. তোমাদের জন্য এই এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের কোনো বিকল্প নেই। তাহলে তোমাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পড়াশোনা, আর দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পরীক্ষায় প্রতিটি বিষয়কেই খুবই গুরুত্বের সঙ্গে নেওয়া।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ভালো করার জন্য পাঠ্যবই ভালোভাবে পড়তে হবে। যে টপিকটিতে অসুবিধা আছে তা বারবার বুঝে পড়বে।
৩. তাত্ত্বিক অংশে মোট আটটি প্রশ্ন থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে, যার মান ৫x১০=৫০
এবং বহুনির্বাচনী অংশে ২৫টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে, যার মান ২৫x১=২৫। পরীক্ষায় ভালো করতে হলে তাই তাত্ত্বিক অংশে ভালো নম্বর পাওয়াটা খুবই জরুরি। যদি তুমি তাত্ত্বিক অংশে ভালো নম্বর পেতে চাও তাহলে
তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায়ের ওপর বেশি জোর দাও। কারণ প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের তুলনায় এখানে নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। এর পরেও পরীক্ষার হলে তুমি যে প্রশ্নগুলো ভালো পারবে অবশ্যই সেগুলোর উত্তর দেবে।
৪. প্রথম অধ্যায়ের বিশ্বগ্রামের ধারণা, ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, বায়োইনফোমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি এই টপিকসগুলো ভালোভাবে পড়বে।
৫. দ্বিতীয় অধ্যায়ের কমিউনিকেশন সিস্টেমের ধারণা, ব্যান্ডউইথ, ডাটা ট্রান্সমিশন মোড এবং মেথড, Bluetooth, Wi-Fi, WiMAX, মোবাইল ফোনের প্রজন্ম, কম্পিউটার নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং-এর কাজ, নেটওয়ার্ক টপোলজি ক্লাউড কম্পিউটিং ভালোভাবে পড়বে।
৬. তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির প্রকারভেদ ও রূপান্তর, বাইনারি যোগ-বিয়োগ ও ২ এর পরিপূরক, BCD ও UNICODE, বুলিয়ান অ্যালজেব্রা, মৌলিক এবং যৌগিক সমূহের সত্যক সারণি, এনকোডার-ডিকোডার, হাফ অ্যাডার ও ফুল অ্যাডার ভালোভাবে পড়বে।
৭. চতুর্থ অধ্যায়ের ওয়েবসাইটের কাঠামো, ট্যাগ ও সিনট্যাক্স পরিচিতি, ট্যাগের ব্যবহার, টেক্সট ফরমেটিং, প্যারাগ্রাফ, অর্ডার ও আনঅর্ডার লিস্ট, লিঙ্ক ও ইমেজ সংযোজন, টেবিল তৈরি এবং ওয়েবসাইট পাবলিশিং ভালোভাবে পড়বে।
৮. পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষার স্তর, অনুবাদক প্রোগ্রামসমূহ, প্রোগ্রামের সংগঠন ও প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, প্রোগ্রামের ভুল, ফ্লোচার্ট এবং এলগরিদম, ফাংশন, ডেটা টাইপ, ভেরিয়েবল ডিক্লেয়ারেশন এবং প্রোগ্রামসমূহ সব ধরনের লুপসহ ভালোভাবে পড়বে।
তোমরা সবাই পাঠ্যবইটাই খুব ভালো করে পড়বে। তবে তার মধ্যে আমি যে টপিকগুলোর কথা বলেছি এগুলো খুব বেশি ভালো করে পড়বে তাহলেই ইনশাআল্লাহ অবশ্যই তোমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ভালো ফলাফল করতে পারবে।
প্রশ্নপত্র পাওয়ার পর সম্পূর্ণ প্রশ্নপত্রটি ভালোভাবে পড়বে। এরপর কোন কোন প্রশ্নের উত্তর করবে তা নির্ধারণ করবে। তারপর সবচেয়ে ভালো উত্তর করতে পারবে যে প্রশ্নের, সেটির উত্তর করা শুরু করবে।
উত্তর লেখার সময় সময়ের দিকে খেয়াল রাখবে। এমন যেন না হয় যে, একটি প্রশ্নের উত্তর করতে এত বেশি সময় নিলে যে আরেকটি প্রশ্নের উত্তর করতে যথেষ্ট সময় পেলে না। পরীক্ষার হলে সময়ের সদ্ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ।
তোমাদের সবার ভালো ফলাফল এবং পরীক্ষাকালের সুস্থতা কামনা করছি।