চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণকালে প্রয়োজনে সময় বাড়ানোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আবহাওয়া পরিস্থিতির কারণে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাত ও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের বিষয় বিবেচনায় নিয়ে বোর্ডটি সময় বাড়ানোর নির্দেশনা দিয়েছে। গতকাল রবিবার ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এদিকে ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন; যা গত বছরের প্রথম দিনের পরীক্ষার তুলনায় প্রায় দ্বিগুণ। গতকাল বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধ্যাপক মো. আবুল বাশারের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আবহাওয়া অধিদপ্তরের সূত্র থেকে জানা যায়, আগামী কয়েকদিন প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে প্রয়োজনে নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রের মূল গেইট খুলে দিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করতে হবে। অনিবার্য কারণে কোনো কেন্দ্রের পরীক্ষা শুরু করতে আধা ঘণ্টা কিংবা এক ঘণ্টা দেরি হলে জরুরি পরিস্থিতি বিবেচনায় উক্ত আধা ঘণ্টা কিংবা এক ঘণ্টা সময় সমন্বয় করে পরীক্ষা শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি অতীব জরুরি বিবেচনায় এনে এ অনুরোধ জানানো হলো।’
গতকাল সকাল ১০টায় সারা দেশে এইচএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও যানজটের কারণে নির্ধারিত সময়ে কোনো কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এতে অনেক শিক্ষার্থী দুর্ভোগে পড়েন।
সিলেট শিক্ষা বোর্ড বাদে গতকাল বাকি আটটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন আট শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিলেন ৯ লাখ ৩৩ হাজার ৬৮৯ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ লাখ ২৩ হাজার ৭১৯ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম দিনে সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ২ হাজার ৬০১ জন শিক্ষার্থী বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ হাজার ৫০৮ জন, কুমিল্লায় ১ হাজার ১৫৬ জন, যশোরে ১ হাজার ৩২৮ জন, চট্টগ্রামে ৯৭৫ জন, বরিশালে ৭২৭ জন, দিনাজপুরে ১ হাজার ১৩ জন এবং ময়মনসিংহে ৬৬২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
২০২৬ সালে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে : নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন শুরু হয়েছে। এই শিক্ষাক্রমের প্রথম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা হবে ২০২৬ সালে। ওই বছর জানুয়ারিতে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।