কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে সশস্ত্র সংগঠন আরসা ও আরএসও-এর মধ্যে গোলাগুলিতে মো. সলিম (৩০) নামের এক নৈশপ্রহরী নিহত ও দুজন আহত হয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার পালংখালি ইউনিয়নের হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ই-৩ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত নৈশপ্রহরী একই ব্লকের মো. মকবুলের ছেলে। আহতরা হলেন, একই ক্যাম্পের মো. আলমের ছেলে মো. ইউনুস ও আরিফ উল্লাহর ছেলে সবি উল্লাহ। তারা তিনজনই রোহিঙ্গা ক্যাম্পের নৈশপ্রহরী। স্থানীয়দের বরাত দিয়ে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর বলেন, ‘সোমবার মধ্যরাতে উখিয়ার হাকিম পাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৩ ব্লকের বালুর মাঠ এলাকায় মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা ও আরএসও’র মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে একজনকে মৃত ও দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।’
আহতদের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এডিআইজি।
আমির জাফর জানান, ‘পুলিশ ধারণা করছে আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী দলের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, ‘ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’