বিএনপির মনের জোর কমে গেছে, তাদের মুখের জোর বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মানুষের শক্তি যত কমে, মুখের বিষ ততই উগ্র হয়ে যায়। এখন তারা কোটা এবং শিক্ষক আন্দোলনের ওপর ভর করেছে। কিন্তু পরের কাঁধে ভর দিয়ে আন্দোলন করে জয়ী হওয়া যায় না।’
গতকাল বুধবার বিকেলে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে পরনির্ভর উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি নেতাদের মুখের কোনো ট্যাক্স নাই, লাগাম নাই। গাড়িচালক বেপরোয়া হলে যে অবস্থা হয়, রাজনীতিতে তারা হলো বেপরোয়া চালক। কখন কোন দুর্ঘটনা ঘটে কেউ জানে না। কে চালায় বিএনপি? লন্ডন থেকে রিমোট কন্ট্রোল দিয়ে চালায়। সড়কপথে কিংবা নৌপথে নয়, আকাশপথে বিএনপি চলে।’
বিএনপির আন্দোলনের ‘হাত’ ভেঙে গেছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির বড় নেতারা এখন ভয়ে আছেন। তাদের দিনের আরাম আর রাতের ঘুম হারাম হয়ে গেছে। কখন কার চাকরি নট হয়ে যায়। কখন যে তারেক রহমানের ডাক আসে। ফখরুল সাহেবও শান্তিতে নাই। দিন যায়, রাত যায়। আন্দোলন আর সফল হয় না। বিএনপির মরা গাঙে আর জোয়ার আসে না।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা (বিএনপি) ভয় দেখায় বাংলাদেশ ভারত হয়ে গেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত গেলেই বলে কিছুই আনতে পারে না। ৫৩ বছরে আমরা তো ভারত হইনি। সীমান্ত ও ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। আমাদের গঙ্গার হিস্যা আমরা বুঝে পেয়েছি। আর খালেদা জিয়া ৩ হাজার পিস জামদানি শাড়ি দিয়ে এসে জানায় গঙ্গা চুক্তির কথা বলতে ভুলে গেছেন। কোন মুখে বিএনপি নেতারা এখন তিস্তার হিস্যার কথা বলেন?’
শেখ হাসিনা জনগণের জন্য আল্লাহর পাঠানো বান্দা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘পিতা দিয়েছে স্বাধীনতা, কন্যা দেবে মুক্তি। আমরা এখন মুক্তির জন্য সংগ্রাম করে যাচ্ছি। দেশে রেমিট্যান্স বেড়েছে, রিজার্ভ বাড়তে শুরু করেছে। জিনিসপত্রের দামও কমে আসবে। দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়বে আওয়ামী লীগ। মন্ত্রী এবং সচিবরা দুর্নীতিমুক্ত হলে সেই মন্ত্রণালয়ে আর দুর্নীতির সুযোগ থাকে না। জনপ্রতিনিধিরা সৎ হলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে।’
আয়োজিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
সভায় ঢাকা জেলা আওয়ালী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদের সভাপতিত্বে ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর প্রমুখ।