তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তে সম্মান জানাবে চীন

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা নদী বাংলাদেশের সীমানায়। এটা বাংলাদেশের নদী। তিস্তা নদীতে যে প্রকল্পই হোক না কেন, তার সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। চীন সেই সিদ্ধান্তে সম্মান জানাবে। এ ছাড়া রিজার্ভের ঘাটতি মেটাতে বাংলাদেশকে সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরে নতুন ঘোষণা আসতে পারে বলেও জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নে এসব কথা বলেন চীনের রাষ্ট্রদূত। ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিস্তা প্রকল্পে চীনের অর্থায়ন নিয়ে প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে চীন তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পের প্রস্তাব দিয়েছে এবং এ বিষয়ে চীন বাংলাদেশের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

ভারত ও চীন যৌথভাবে তিস্তা প্রকল্পের কাজ করতে পারে কি না এমন প্রশ্নে রাষ্ট্রদূত বলেন, চীন প্রস্তুত। কিন্ত বাংলাদেশকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। প্রকল্পটি নিয়ে ভারত ও চীনের মধ্যে কোনো উত্তেজনা থাকার কথা অস্বীকার করেন ইয়াও ওয়েন।

চীনের রাষ্ট্রদূত বলেন, রিজার্ভ সংকট নিয়ে বাংলাদেশ চীনের সহযোগিতা চেয়েছে। চীনও এতে আগ্রহ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে এ বিষয়ে বেইজিংয়ের কাছ থেকে নতুন ঘোষণা আসতে পারে।

অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরসহ দুই দেশের সম্পর্কের নানা বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে অনেক দিন ধরেই একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ রয়েছে, যা উন্নয়নকে ত্বরান্বিত করেছে। চীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পথ সুদৃঢ় করবে। এ সফর দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অপার সম্ভাবনা সৃষ্টি করবে। দুই দেশের মধ্যে ‘উইন উইন’ (উভয় পক্ষ লাভবান) পরিস্থিতি সৃষ্টি হবে।

প্রধানমন্ত্রী এবারের চীন সফরে দুই দেশের কৌশলগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে আমরা পরিকল্পনা করেছি। এর বিস্তারিত ঘোষণা যথাসময়ে করা হবে।’

ব্রিকসের সদস্য হতে চীন বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানান ইয়াও ওয়েন। তিনি বলেন, ‘আশা করি অচিরেই বাংলাদেশ ব্রিকসের সদস্য হবে।’

ডিকাব সভাপতি নুরুল ইসলাম হাসিবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু।