পশ্চিম তীরের ৩০০০ একর দখলে নিচ্ছে ইসরায়েল

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের বিপুল পরিমাণ জমি নিজেদের বলে অনুমোদন করেছে ইসরায়েল। ইসরায়েলের এ অনুমোদনের ফলে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি জায়গা হারাচ্ছে পশ্চিম তীর। ইসরায়েলি দখলদার বিরোধী ওয়াচডগের এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের অবৈধ বসতি নজরদারি করা সংস্থা ‘পিস নাও’ গ্রুপ জানায়, ইসরায়েল জুন মাসে জর্ডান উপত্যকার ১২ দশমিক ৭ বর্গকিলোমিটার (৩,১৩৮ একর) এলাকাকে নিজেদের ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে ঘোষণা করেছে।

বিবিসি বলছে, ১৯৯৩ সালে অসল চুক্তির পর এটিই সবচেয়ে বড় ভূমি দখলের ঘটনা। ইসরায়েলের বেসামরিক প্রশাসন গত মাসের ২৫ তারিখ এই ভূমি দখলের অনুমোদন দেয়, যার ঘোষণা বুধবার আসে।