খুলনার শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আজগর আলী তারা বিশ্বাসের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক ইসরাত জাহান তামান্না। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুজিত অধিকারী এর সত্যতা নিশ্চিত করেন।
অ্যাডভোকেট সুজিত অধিকারী জানান, মঙ্গলবার দুপুরে পুলিশ শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি হত্যা মামলায় গ্রেপ্তার আজগার আলী তারা বিশ্বাসকে অতিরিক্ত জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুজিত অধিকারীকে সহযোগিতা করেন অ্যাডভোকেট এম এম মুজিবর রহমান, অ্যাডভোকেট রজব আলী সরদার, অ্যাডভোকেট তারিক মাহমুদ তারা।
তিনি আরও জানান, রিমান্ডের আগে তার শরীর ডাক্তারি পরীক্ষা- নীরিক্ষা করা হয়েছে। আদালতে ফের উঠানোর আগে একই পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
এর আগে গতকাল সোমবার বেলা ১১টার দিকে নগরীর রায়ের মহলের মোস্তফার মোড় এলাকায় আজগর আলী তারা বিশ্বাসের বিশ্বাস প্রোপার্টিজের অফিসে অভিযান চালানো হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য ও ডুমুরিয়া উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আজগর আলী (তারা বিশ্বাস) বিশ্বাসকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। আটকের পর পুলিশ তাকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালায় তারা।
অন্যদিকে তারা বিশ্বাসের আটকের পর ডুমুরিয়া থানা পুলিশ দীর্ঘ তিন ঘণ্টা তারা বিশ্বাসের মালিকানাধীন বিশ্বাস প্রোপার্টিজের কার্যালয়ে অভিযান চালিয়ে একটি শটগান, একটি খেলনা পিস্তল, একটি রিভলবার সদৃশ লাইটার, ৫৭ রাউন্ড কার্তজ ও ৯ রাউন্ড কার্তুজের খোসা জব্দ করে।
এর আগে গত শনিবার রাত পৌঁনে ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ওয়াপদার মোড় নামকস্থানে দুর্বৃত্তদের গুলিতে শরাফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ রবিউল ইসলাম রবি (৪২) নিহত হন। এ ঘটনায় নিহত রবির স্ত্রী শায়লা ইরিন বাদী হয়ে গত রবিবার রাতে ৫/৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।