ময়মনসিংহের হালুয়াঘাটের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল হোসেনকে (৩৫) ধর্ষণের অভিযোগে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে এক নারীর দায়ের করা ধর্ষণের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। ঈসমাইল উপজেলার কালিয়ানীকান্দা গ্রামের বাসিন্দা মো. সুরুজ আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক।
হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী কিশোরীর মায়ের দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ভিকটিম কিশোরীকে ঈসমাইল হোসেন তার বাড়িতে ঝিয়ের কাজ করার সময় বিয়ের প্রলোভনে ধর্ষণ করেছেন। এখন তিনি বিয়ে না করে উল্টো ভিকটিমকে হুমকি দিচ্ছেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঈসমাইলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হলেও এখন জানা গেছে ভুক্তভোগী কিশোরী তার দ্বিতীয় স্ত্রী। গোপনে এক বছর আগে কিশোরীকে বিয়ে করেছিলেন তিনি। সম্প্রতি তাকে তালাক দেওয়ায় কিশোরীর মা থানায় এই ধর্ষণের অভিযোগ করেন। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।