স্টারমারকে যে বিষয়ে সতর্ক করলেন টনি ব্লেয়ার

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৬:৫০ পিএম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে অভিবাসন নীতির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা থেকে সতর্ক করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। পাশাপাশি তিনি জনগণের অধিকারের বিষয়েও সতর্ক করেছেন স্টারমারের দল লেবার পার্টিকে। গত সপ্তাহে বৃটেনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে স্টারমারের দল লেবার পার্টি। 

টনি ব্লেয়ার বলেছেন, লেবার পার্টিকে জোটবদ্ধ থাকতে হবে এবং জনগণের অভিযোগ মোকাবিলা করে স্টারমারের উচিৎ নাইজেল ফারাজের রিফর্ম ইউকে-এর মতো ডানপন্থি দলগুলোর মোকাবিলা করা। খবর দ্য গার্ডিয়ানের।

খবরে বলা হয়, যুক্তরাজ্যের অভিবাসন নীতির ক্ষেত্রে জনগণের অধিকারের বিষয়টি গুরুত্বসহকারে খেয়াল রাখা উচিত বলে মনে করেন দেশটির সাবেক ওই প্রধানমন্ত্রী। এছাড়া অভিবাসন নীতিতে কনজারভেটিভ পার্টির কঠোর পদক্ষেপের ফলে বৃটেনের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে বলে অভিযোগ করেছেন টনি। 

নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া স্টারমারকে সতর্ক করে তিনি বলেন, অভিবাসনবিরোধী রিফর্ম ইউকে পার্টি লেবারকেও চ্যালেঞ্জ করেছিল, শুধু কনজারভেটিভ পার্টিকে নয়। ব্রেক্সিটের আগ্রাসী নেতা নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকে পার্টি নির্বাচনে ডানপন্থী ভোটে ভাগ বসিয়ে কনজারভেটিভদের সর্বাধিক ক্ষতি করেছে। তারা সংসদে পাঁচটি আসন ও ভোটের ১৪ শতাংশ জিতেছে। তাই পরবর্তীতে লেবার ভোটারদের দিকে দলটি নজর দেবে বলে ফারাজ সতর্ক করেছেন।

সানডে টাইমসে ‘মাই অ্যাডভাইস টু কিয়ার স্টারমার’ শিরোনামে একটি নিবন্ধে ব্লেয়ার লিখেছেন, পশ্চিমাবিশ্বের সর্বত্র ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলো বিঘ্নিত হচ্ছে। সিস্টেম নতুন প্রবেশকারীদের আবির্ভাবের সুযোগ দিচ্ছে, তারা সর্বত্র দাঙ্গা চালাচ্ছে। ফ্রান্স বা ইতালির দিকে তাকান। আমাদের অভিবাসন নিয়ন্ত্রণের একটি পরিকল্পনা দরকার। যদি আমাদের নিয়ম না থাকে, আমরা পক্ষপাতদুষ্ট হব।

এছাড়া ব্রিটিশ এই নেতা মনে করেন বিশ্ব মঞ্চে রাজনৈতিক লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে বৃটেন শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে যোগ দেবেন এবং এটা উচিত কাজ বলেও উল্লেখ করেছেন তিনি। কেননা বিশ্বরাজনীতিতে টিকে থাকতে আঞ্চলিক জোটে অংশগ্রহণ এখন অনেক গুরুত্বপূর্ণ।

সর্বশেষ সর্বাধিক পঠিত