নতুন কারিকুলামের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন যা অর্ধবার্ষিকী পরীক্ষার প্রশ্ন নেট দুনিয়ায় ছেড়ে এমপিও হারাচ্ছেন দুই শিক্ষক। এ দুই শিক্ষক হলেন পটুয়াখালী সদরের ডোনাভান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল হক খান ও ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ জানান, সম্প্রতি ষাণ্মাসিক মূল্যায়নের প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই প্রধান শিক্ষকের বেতন-ভাতা স্থগিত করা হয়েছে। তাদের চাকরিচ্যুত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। এ ধরনের কার্যক্রম কখনই শিক্ষক সুলভ হতে পারে না। তাই তাদের শাস্তি হওয়া উচিত।
একই অনুষ্ঠানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর প্রফেসর মো. মশিউজ্জামান বলেন, দুইজনকে শিক্ষককে মাউশি অধিদপ্তর চিহ্নিত করে শাস্তির আওতায় এনেছে।
গত বুধবার থেকে শুরু হয়েছে এ পরীক্ষা। পরীক্ষা শুরুর আগের রাতেই প্রশ্নফাঁস হয়ে যায়। এরপর কারা প্রশ্নফাঁস করেছে তা চিহ্নিত করতে মাঠে নামে শিক্ষা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে এই দুই শিক্ষককে চিহ্নিত করে তাদের এমপিও স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।