আবেদ আলী আমার গাড়িচালক ছিলেন না উল্লেখ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ–৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক বলেছেন, পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলী অনেক প্রভাবশালী ছিলেন। তার প্রভাব এতটাই ছিল তাকে বরখাস্ত করার পর চাকরিচ্যুত করতে অনেক বেগ পেতে হয়েছে তৎকালীন দায়িত্বশীলদের।
ড. সাদিক যুক্তরাজ্যপ্রবাসী কবি-সাহিত্যিকদের সংগঠন ‘সংহতি সাহিত্য পরিষদ’-এর আমন্ত্রণে গত ৫ জুলাই যুক্তরাজ্যে গেছেন। সেখান থেকে মঙ্গলবার বিকেলে বলেন, পিএসসিতে ২০১৪ সালের ৩ নভেম্বর যখন যোগদান করি, তখনই গিয়ে আবেদ আলীর নাম শুনেছি। কিন্তু তার সঙ্গে দেখা হয়নি কখনো। এবার গণমাধ্যমে তার ছবি বা ভিডিও ফুটেজ দেখেছি।
ড. সাদিক বলেন, আমি যোগদান করার পর পুরনো সহকর্মীদের কাছ থেকে শুনেছি, পিএসসির অনেক কর্মকর্তাও তাকে সমীহ করতেন। ২০১৬ সালের ২ মে আমাকে যখন পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় আমি তখন সাধ্যমতো চেষ্টা করেছি পিএসসিতে যাতে কোনো আবেদ আলী তৈরি না হয়।
তিনি জানান, আবেদ আলীকে নানা কুকর্মের জন্য বরখাস্ত করার পর তার অনিয়ম-দুর্নীতির বিষয়টি তদন্ত করার জন্য যে তদন্ত কমিটি হয়েছিল, তাদেরও শুনেছি অনেক কঠোর হতে হয়েছিল।
পিএসসির এই সাবেক চেয়ারম্যান জানান, ড. জিনাতুন নেসা তাহমিদা বেগম ও এটিএম আহমেদুল হক চৌধুরী যখন পিএসসি চেয়ারম্যান ছিলেন, তখন আবেদ পিএসসির চেয়ারম্যানের গাড়িচালক ছিল। ইকরাম আহমদ যখন চেয়ারম্যান ছিলেন, তখন সে বরখাস্ত হয়। পরে তাকে চাকরিচ্যুতও করা হয়।
প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ ১৭ ব্যক্তি গ্রেপ্তারের বিষয়টি নিয়ে এখন সর্বত্র আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এ নিয়ে সরব। আবেদ আলী পিএসসির কোন চেয়ারম্যানের গাড়িচালক ছিলেন এ নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।
পাকা সড়ক খুঁড়ে যুবলীগ নেতার ড্রেজার পাইপ
কোহলিদের কোচ হয়ে ভারতীয় দলে ফিরলেন গম্ভীর
উন্নত বাংলাদেশ গড়তে এআইআইবির সহায়তা চান প্রধানমন্ত্রী