রিজভী বললেন

দৃষ্টি সরাতেই বিভিন্ন ইস্যু তৈরি করছে সরকার

দেশবিরোধী চুক্তি থেকে জনগণের দৃষ্টি সরাতেই সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বুধবার রাজধানীর রামপুরার একটি মাদ্রাসায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘বেগম জিয়াকে হত্যার চক্রান্ত ষড়যন্ত্র করছে সরকার। প্রতি মুহূর্তেই বিএনপির ওপর আক্রমণ চালাচ্ছে ক্ষমতাসীনরা। ভারতের সঙ্গে রেল করিডর-সমঝোতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। ট্রেনে করে আমাদের দেশের মধ্য দিয়ে সামরিক সরঞ্জাম বহন করবে ভারত সরকার। পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে মোকাবিলা করতে ভারত বাংলাদেশকে ব্যবহার করবে।’ মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিমের পরিচালনায় অন্যদের মধ্যে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা মাহমুদুর রহমান সুমন, ডা. জাহিদুল কবির, মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. শাহ আলম, সদস্য সচিব কেএম সোহেল রানা, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির, সদস্য সচিব মো. বাকিবিল্লাহ প্রমুখ।