সাড়ে ১১ বছর আগে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে ১৩ জনের প্রাণহানির ঘটনায় হওয়া মামলায় ৮ জনের ৭ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন।
দ-প্রাপ্ত ৮ জনই ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার অ্যান্ড পারিশা ট্রেড সিস্টেমসের (জেভি) কর্মকর্তা। তারা হলেন প্রতিষ্ঠানের বহদ্দারহাট ফ্লাইওভারের প্রজেক্ট ম্যানেজার মো. গিয়াস উদ্দীন, সুপারভিশন ইঞ্জিনিয়ার মো. মনজুরুল ইসলাম, কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার আব্দুল হাই, মো. মোশারফ হোসেন রিয়াজ, পরিচালক (প্রশাসন) প্রকৌশলী মো. শাহজাহান আলী, আব্দুল জলিল, আমিনুর রহমান ও রফিকুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ দেশ রূপান্তরকে জানান, ২০১২ সালের নভেম্বরে বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের তিনটি গার্ডার ধসে ১৩ জন নিহতের ঘটনায় করা মামলায় ৮ আসামিকে পৃথক ধারায় ৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই রায়ে তাদের প্রত্যেককে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় ৮ আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার নথি থেকে জানা গেছে, কর্তব্যে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে ১৩ জনের প্রাণহানির ঘটনায় প্রকল্প পরিচালক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলীসহ ২৫ জনের বিরুদ্ধে ২০১২ সালের ২৬ নভেম্বর মামলা করে চান্দগাঁও থানার পুলিশ। তদন্ত শেষে ২০১৩ সালের ২৪ অক্টোবর আদালতে ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৪ সালের ১৮ জুন ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। এ মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন ২২ জন।