বর্ষায় ভরসা বর্ষাতি

রোজ দিন যাদের বাইরে বেরোতে হয়, তাদের জন্য আষাঢ়-শ্রাবণের এই বৃষ্টি একটু ঝক্কিই তৈরি করে বইকি। বাইরে বেরিয়ে হঠাৎ বৃষ্টির হাতে নাজেহাল হতে না চাইলে প্রতিদিন সঙ্গে রাখা চাই ছাতা বা রেইনকোট। ভালো বর্ষাতির খোঁজ ও দরদাম নিয়ে লিখেছেন জান্নাতুল কাওসার

বিকেল বেলা অফিস বা ক্লাস থেকে বাড়ি ফিরছেন, পথেই নেমে গেল ঝুপ করে বৃষ্টি। আর অমনি আপনি কাগজপত্র ব্যাগ সব ছুড়ে ফেলে দিয়ে সানন্দে বৃষ্টিতে ভিজতে শুরু করলেন! হ্যাঁ, বিজ্ঞাপনচিত্র বা সিনেমার দৃশ্য হলে এটি ঠিক আছে, তবে বাস্তবে কিন্তু মোটেই ব্যাপারটা এমন নয়। রোজ দিন যাদের বাইরে বেরোনোর দরকার পড়ে, তাদের জন্য আষাঢ়-শ্রাবণের এই বৃষ্টি একটু ঝক্কিই তৈরি করে বৈকি। বাইরে বেরিয়ে হঠাৎ বৃষ্টির হাতে নাজেহাল হতে না চাইলে, প্রতিদিন সঙ্গে রাখা চাই ছাতা বা রেইনকোট। বৃষ্টির দিনে নিজের জন্য তো বটেই, সঙ্গে থাকা মোবাইল, ব্যাগ এবং দরকারি কাগজপত্রও বৃষ্টি থেকে বাঁচাতে চাই ব্যবস্থা। 

ছাতা নাকি রেইনকোট

ছাতা একই সঙ্গে বৃষ্টি থেকেও বাঁচাতে কার্যকর। কিন্তু ঝড়ো হাওয়ার সঙ্গে জোরে বৃষ্টি হতে থাকলে তখন শুধু ছাতা দিয়ে নিজেকে বৃষ্টি থেকে বাঁচানো একটু কঠিনই হয়ে পড়ে। সে ক্ষেত্রে রেইনকোট হতে পারে বেশ সুবিধাজনক।

ছাতা ব্যবহার করলে বৃষ্টি থেকে মাথা বেঁচে গেলেও কাপড়ের নিচের দিকে ভিজে যেতে পারে। আবার সঙ্গে থাকা ব্যাগ মোবাইল এগুলো ভিজে যেতে পারে। তাই প্রবল বৃষ্টির দিনে রেইনকোট ভালো। ছোট শিশুদেরও ছাতা খুলতে বা বন্ধ করতে বেগ পেতে হতে পারে। ছাতা বহন করাও অনেকের জন্য কষ্টকর। তাদের জন্যও বৃষ্টি থেকে বাঁচতে রেইনকোট উপযোগী। আষাঢ় মাসে কখন রোদ চড়ে উঠবে আর কখন যে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যাবে বোঝা দায়। সঙ্গে একটা ছাতা থাকলে রোদ আর বৃষ্টি দুটো থেকেই সুরক্ষা দিতে পারবে।

রেইনকোটই দরকার  

বাজারে ছেলে এবং মেয়েদের আলাদা রেইনকোট পাওয়া যায়। আবার ইউনিসেক্স বা সবাই পরতে পারবেন এমন রেইনকোটও পাওয়া যায়। কাটিংয়ের দিক থেকেও দুই ধরনের রেইনকোট আছে, লং রেইনকোট এবং টু পিস রেইনকোট। টু পিস রেইনকোটের ক্ষেত্রে সঙ্গে প্যান্টও পাওয়া যায়। এ ধরনের রেইনকোট ছেলেরা বেশি কেনেন। লং রেইনকোট বেশি ব্যবহার করে শিশু এবং মেয়েরা। সামনে চেইন বা বোতাম দুই ধরনের রেইনকোটই বাজারে পেয়ে যাবেন। কিছু রেইনকোটের সঙ্গে আবার বেল্ট যুক্ত থাকে। বেশিরভাগ বর্ষাতি তৈরি হয় প্যারাসুট কাপড়ের। তবে কম দামের নরম ধরনের প্লাস্টিকের তৈরি কিছু রেইনকোটও পেয়ে যাবেন।

ছোট শিশুদের জন্য রঙিন এবং কার্টুন সংবলিত রেইনকোট পাবেন। কিছু রেইনকোটের টুপিতে আবার হাঁস, ব্যাঙ বা খরগোশের আদল তৈরি করা রয়েছে। একটু ভালোমানের রেইনকোটের দাম বেশি হলেও তা টেকসই হয় বেশি দিন। সিঙ্গেল ও ডাবল পার্টের রেইনকোট পাওয়া যায়। ডাবল পার্ট রেইনকোট দুদিকেই ব্যবহার করা যায়। রেইনকোটের ব্র্যান্ডের মধ্যে আছে ডার্বিসুপার, কমফোর্ট, ব্রিদেবল, রেড চ্যাম্পিয়ন ইত্যাদি।  ডিজাইন এবং মানের ভিন্নতা অনুসারে নানা দামের রেইনকোট পেয়ে যাবেন। ভেজা রেইনকোট খুলে ঝুলিয়ে দিন যেন পানি ঝরে যায়। কাদা মাটি লেগে থাকলে তা ধুয়ে ফেলুন। রেইনকোট পুরোপুরি শুকানোর পর তা ভাঁজ করবেন।

সব সময়ের সঙ্গী ছাতা

পুরনো দিনের সেই কাঠের বাঁটওয়ালা ছাতার প্রচলন এখন আবার ফিরে এসেছে। এছাড়া বাজারে আছে টু ফোল্ড এবং থ্রি ফোল্ড ছাতা। আরও রয়েছে চারকোনা আকারের ছাতা। মোবাইল ফোনের সমান পকেট ছাতাও পেয়ে যাবেন। ছোটদের জন্যও আছে ছোট ছোট বিভিন্ন বাহারি রঙ এবং কার্টুন সংবলিত ছাতা। বিভিন্ন রঙিন ছাতার পাশাপাশি স্বচ্ছ ছাতার দেখাও পেয়ে যাবেন বাজার ঘুরলেই। সাদা স্বচ্ছ কিংবা হালকা হলুদ, গোলাপি, নীল রঙের ভেতর মিলবে সেসব ট্রান্সপারেন্ট ছাতা। চীনা ও জাপানি ডিজাইনের ছাতাও রয়েছে। বাংলাদেশে ছাতার বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে আছে শঙ্কর, অ্যাটলাস, ফিলিপ্স, ফারুক ইত্যাদি। বেশিরভাগই ছাতা বাইরে থেকে আমদানি করে থাকে।

ছাতা কেনার সময় ছাতার কাপড় এবং শিকগুলো মজবুত কিনা, তার মান যাচাই করে কেনা চাই। রাতে ব্যবহারের জন্য হাতলের নিচের দিকে শক্তিশালী এলইডি লাইট যুক্ত ফ্ল্যাশ লাইট আমব্র্রেলাও রয়েছে। বৃষ্টি ঠেকানোর পাশাপাশি রাতের বেলায় পথ চলতেও সাহায্য করবে এটি।

ছাতা ব্যবহারের ক্ষেত্রে একটু যত্নশীল হওয়া প্রয়োজন। ভেজা ছাতা গন্তব্যে পৌঁছে শুকানোর জন্য মেলে রাখুন। শুকানোর পর অবশ্যই ছাতার কাপড়ের ভাঁজ অনুযায়ী ভাঁজ করতে হবে। ছাতা খুব টাইট করে বেঁধে রাখবেন না বা খুব জোরে বন্ধ করবেন না। এতে ছাতার কাপড় ছিঁড়ে বা ছাতার শিক ভেঙে যেতে পারে।

ব্যাগ কভার এবং অন্যান্য

বৃষ্টিতে নিজেকে বাঁচানোর পাশাপাশি সঙ্গে থাকা ব্যাগটিকেও বাঁচানো চাই। না হলে ব্যাগে থাকা জরুরি কাগজপত্র ভিজে নষ্ট হয়ে যেতে পারে। পানি রোধী ব্যাগ হলেও খুব বেশি বৃষ্টিতে সুবিধা দেবে ব্যাকপ্যাক কভার। রেইনকোটের কাপড় দিয়ে বানানো এসব রঙিন ব্যাগ কভার পাবেন। চাইলে ফরমাশ দিয়েও বানাতে পারেন ব্যাকপ্যাক কভার। ফরমাশ করুন রেইনকোট বিক্রির দোকানে, বিশেষ করে ফুলবাড়িয়া, গুলিস্তান, রায়সাহেব বাজার ও ইসলামপুরের রেইনকোট-ত্রিপল-তাঁবু বিক্রির দোকানে।

বৃষ্টি থেকে মোবাইল ফোন বাঁচাতে নিয়ে নিন ওয়াটারপ্রুফ মোবাইল কভার। এই বিশেষ ধরনের ব্যাগে মোবাইল ঢুকিয়ে রাখলে পানি থেকে বেঁচে তো যাবেই আবার কভার থেকে বের না করেই ব্যবহার করতে পারবেন। কাজের জন্য অনেককেই ব্যাগে ল্যাপটপ বহন করতে হয়। ল্যাপটপ বৃষ্টি থেকে বাঁচাতে পানিরোধী ল্যাপটপ কভার ব্যবহার করুন। বিভিন্ন অনলাইন শপ থেকে পেয়ে যাবেন আপনার পছন্দসই ল্যাপটপ কভার। চাইলে কাস্টমাইজড ডিজাইন দিয়েও বানিয়ে নিতে পারেন।

কোথায় পাবেন

নিউমার্কেটসহ প্রায় সব মার্কেটেই পাবেন ছাতা ও রেইনকোট। তা ছাড়া মৌচাক মার্কেট, পলওয়েল মার্কেট, নবাবপুর, বঙ্গবাজার, বায়তুল মোকাররম মসজিদ মার্কেট, ফুলবাড়িয়া মার্কেট, ফার্মগেট সুপার মার্কেট, পুরান ঢাকার ইসলামপুর, চকবাজার সব জায়গায়ই পেয়ে যাবেন বিভিন্ন রকমের ছাতা, রেইনকোট এবং বৃষ্টি থেকে বাঁচার আরও অনুষঙ্গ। বাজেট একটু বেশি বেশি হলে মিনিসো, ইয় ইয় সো, মিস্টার ডিআইওয়াই, ইউনিমার্ট থেকেও নিতে পারেন আপনার পছন্দসই সব বর্ষাতি।