অনেকেই শখের বশে বৃষ্টিতে ভেজেন। কখনো বা মুষলধারে বৃষ্টি কিংবা ইলশেগুঁড়ি বৃষ্টিতে বিপাকে পড়েও ভিজতে হয়। বৃষ্টির পানিতে থাকা ক্লোরিন ত্বক ও চুলের নানা ক্ষতি করে। বৃষ্টির পানি বেশি আম্লিক ও ক্ষারকীয় ভারসাম্য চুলের কিউটিকলস নষ্ট করে দেয়। এ ছাড়া বেশিক্ষণ বৃষ্টির পানিতে চুল ভিজে থাকলে রুক্ষ শুষ্ক নিষ্প্রাণ হয়ে পড়ে। খুশকির সমস্যা বাড়ে এবং চুলের উজ্জ্বলতা কমে যায়। বৃষ্টির পানিতে থাকা অ্যাসিডিক উপাদান, সোডিয়াম ক্লোরাইড, কার্বন, সালফার, নাইট্রোজেন, কার্বন ডাই-অক্সাইড ও ধুলাবালি চুলের মারাত্মক ক্ষতি করে। বৃষ্টিতে ভেজা চুলের আলাদা যত্ন নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
যা করবেন
বৃষ্টিতে চুল ভিজে গেলে এই ভেজা চুল অবশ্যই ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সম্ভব হলে মাইল্ড শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। আবার ভেজা চুল শুকাতে হেয়ার ড্রয়ার ব্যবহার করা যাবে না। বৃষ্টিতে ভেজা চুল দীর্ঘক্ষণ বেঁধে রাখা ঠিক নয়, স্ক্যাল্পে আর্দ্রতা জমে সংক্রমণের আশঙ্কা থাকে। মোটা দাঁতের চিরুনি দিয়ে ভালো করে চুল আঁচড়াতে হবে। এ সময় প্রায়ই যদি চুল বৃষ্টির পানিতে ভিজে যায়। তাহলে রুক্ষ হয়ে পড়তে পারে। আর এই রুক্ষতা কমাতে হট অয়েল ম্যাসাজ করতে পারেন সপ্তাহে দুদিন। এতে চুল গোড়া থেকে মজবুত হবে এবং চুলের স্বাস্থ্য ভালো থাকবে। অল্প কিছু মেথি পানিতে সারা রাত ভিজিয়ে রেখে সেই পানি চুলের গোড়ায় স্প্রে করলে চুলের গোড়া শক্ত হবে ও চুল পড়া বন্ধ হবে। সপ্তাহে একদিন গোসলের আধা ঘণ্টা আগে এই পানি চুলে স্প্রে করতে পারেন। চুলের স্বাস্থ্য ভালো রাখতে প্রোটিনসমৃদ্ধ খাবার বেশি পরিমাণে খেতে হবে। চুলের উজ্জ্বলতা ধরে রাখতে শ্যাম্পু করার পরে অ্যাপল সাইডার ভিনেগার মেশানো পানি দিয়ে চুল ধুয়ে নিলে উজ্জ্বল ও সতেজ থাকে। বর্ষায় ইচ্ছায় কিংবা অনিচ্ছায় চুলে বৃষ্টির পানি পড়তেই পারে। অবহেলা করলে চলবে না। বেশিক্ষণ ভেজা অবস্থায় থাকলে সর্দি-কাশি জ¦রের সঙ্গে চুলের ক্ষতি হবে।