ইসরায়েলকে ৫০০ পাউন্ড বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মার্কিন মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে অগ্রগতি করছে। ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনে অংশ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাইডেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা ওই সংবাদ সম্মেলনে বাইডেন ইসরায়েলের কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। এ ছাড়া ইসরায়েল-হামাস যুদ্ধ শেষ করার জন্যও আহ্বান জানিয়েছেন তিনি। তবে এদিনই তার প্রশাসনের এক কর্মকর্তা জানান, ইসরায়েলের জন্য ২০০০ পাউন্ড বোমার চালান স্থগিত করার পর এবার ৫০০ পাউন্ড বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

বিবিসি বলছে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার ন্যাটোর তিন দিনের সম্মেলন শেষের পর সাংবাদিকদের মুখোমুখি হন বাইডেন। সেখানে তিনি বলেন, আমি মনে করি, এটাই আমাদের জন্য সুযোগ। এখন যুদ্ধ শেষ করার সময় এসেছে।

অবশ্য ইসরায়েল ও হামাসের মধ্যে অনেক জটিলতার অবসান হয়নি বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এ ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে জানিয়ে বাইডেন বলেন, যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তিনি অবিচল। এই যুদ্ধ এখন শেষ হওয়া প্রয়োজন বলেও জানান তিনি।

এদিকে গতকাল বাইডেন প্রশাসনের এক কর্মকর্তার বরাতে দেশটির সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেট প্রেস (এপি) এক প্রতিবেদনে বলেছে, ইসরায়েলের জন্য ২০০০ পাউন্ড বোমার চালান স্থগিত করার পর এবার ৫০০ পাউন্ড বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। জনাকীর্ণ এলাকায় ব্যবহার করা হতে পারে এমন উদ্বেগ থেকে গত মে মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য ২০০০ পাউন্ড বোমার চালান স্থগিত করেছিল। কারণ, তখন গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্র সরকার ওই অভিযান শুরু করার ব্যাপারে বিরোধিতা করেছিল। তবে যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা বলেন, এখন রাফায় ইসরায়েল অভিযান বন্ধের ঘোষণা দেওয়ায় দেশটিতে এখন ৫০০ পাউন্ড বোমা পাঠানো হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, বিশেষ করে আমাদের উদ্বেগের জায়গা ছিল, রাফায় ইসরায়েলি অভিযানে ২০০০ পাউন্ড বোমার ব্যবহার নিয়ে। ওই অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে তারা।

এ কর্মকর্তা ইঙ্গিত দেন, ৫০০ পাউন্ড বোমা মে মাসে স্থগিত হওয়া ২০০০ পাউন্ড বোমার চালানেরই অংশ। ৫০০ পাউন্ড বোমা নিয়ে উদ্বেগ না থাকায় এগুলো পাঠানো হচ্ছে। তিনি বলেন, যেভাবে এসব চালান প্রস্তুত করা হয়, তাতে কখনো কখনো চালানে আলাদা ধরনের গোলাবারুদও থাকে। ৫০০ পাউন্ড বোমার ক্ষেত্রে এমনটা হয়েছে। ৫০০ পাউন্ড বোমা নিয়ে যেহেতু আমাদের দুশ্চিন্তা নেই, সে ক্ষেত্রে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে এগুলো চালান করা হচ্ছে।

গত মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তার দেশে ধীরগতিতে অস্ত্র সরবরাহ করছে। মার্কিন কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, শুধু একটি বোমার চালানই স্থগিত হয়েছে। পরে অবশ্য দুপক্ষ সমস্যা সমাধানের প্রক্রিয়ায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছিল।

সামরিক খাতে ইসরায়েলকে সহায়তাদানকারী দেশগুলোর তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। তবে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় বেসামরিক মানুষ নিহত হওয়ার সংখ্যা বাড়তে থাকায় হতাশা জানিয়েছে হোয়াইট হাউজ। ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার জবাবে গাজা উপত্যকায় ৯ মাসের বেশি সময় ধরে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

গত বছর ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ব্যাপক রকেট হামলা চালায় হামাস। ইসরায়েলের তথ্যের ভিত্তিতে এএফপি জানিয়েছে, ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ১৯৫ জন নিহত হয়েছে। বেশ কয়েকজনকে জিম্মি করা হয়েছে। এর মধ্যে ১১৬ জন এখনো গাজায় জিম্মি আছেন। এদিকে ৭ অক্টোবর থেকেই গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৮ হাজার ৩৪৫ জন নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। সবশেষ গত বৃহস্পতিবার একটি ধ্বংসস্তূপ থেকে আরও ৬০ ফিলিস্তিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।