ইউক্রেনের আরও এলাকা দখলে নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। গতকাল সোমবার পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স ও এএফপি জানিয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের উরোজাইন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কৌশলগত শহর আভদিভকা দখল করার পর রুশ বাহিনীর ধারাবাহিক সাফল্যের মধ্যে এটিই হবে সর্বশেষ সাফল্য। সংবাদ সংস্থা দুটি বলছে, গত রবিবার এক দিনে ইউক্রেনের ২৫টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া।
ইউক্রেনীয় ব্লগাররা বলেছেন, কিয়েভের বাহিনী রাশিয়ার দখলে থাকা শহর দোনেৎস্কের দক্ষিণ-পশ্চিমে গ্রামের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে। অবশ্য ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, ওই এলাকায় এখনো লড়াই চলছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, ‘সফল কর্মকাণ্ডের ফলস্বরূপ, পূর্বাঞ্চলীয় বাহিনী দোনেৎস্ক অঞ্চলের উরোজাইন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
রয়টার্স অবশ্য স্বাধীনভাবে ইউক্রেনীয় বা রাশিয়ান রিপোর্ট নিশ্চিত করতে সক্ষম হয়নি বলে জানিয়েছে। তবে সংবাদ সংস্থাটি জানাচ্ছে, গ্রামটি ২০২২ সালের ফেব্রুয়ারির শুরুতে রাশিয়ার নিয়ন্ত্রণে আসে, কিন্তু ইউক্রেন ২০২৩ সালের জুলাইয়ে মোকরি ইয়ালি নদীর কাছে বসতি পুনরায় দখলে নেয়।
গত রবিবার সকালে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, উরোজাইন এবং আশপাশের অন্যান্য এলাকায় ১৮টি হামলা চালিয়েছে রাশিয়া। অবশ্য একই দিন শেষ বিকেলের প্রতিবেদনে ওই গ্রামের কথা উল্লেখ করা হয়নি। পরে ডিপস্টেট নামে জনপ্রিয় একটি ইউক্রেনীয় সামরিক ব্লগ উরোজাইনের পতনের খবর জানায়। তারা বলেছিল, রাশিয়ান বাহিনী গ্রামের দক্ষিণে ব্যাপক আক্রমণ চালিয়েছে। এই ক্ষতিটিকে প্রতিরক্ষা বিপর্যয় হিসেবে বর্ণনা করে এর পেছনের কারণ তদন্ত করতে হবে বলেও উল্লেখ করেছে তারা।
এদিকে ইউক্রেনের ২৫টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, রাশিয়া দেশের পশ্চিমে এবং ক্রিমিয়ায় রাতারাতি ২২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।