আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হওয়া সাপেক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে ভবিষ্যতে কোনো হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা হবে বলেও জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয় খোলার পর আবাসিক হলগুলোতে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ নিশ্চিত করা হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঢাবি প্রশাসন ‘সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত অনাকাক্সিক্ষত ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য’ শীর্ষক শিরোনামে এ সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়। বিবৃতিতে দুঃখ প্রকাশ করে প্রশাসন বলছে, বিগত কয়েক দিন ক্যাম্পাসে সংঘটিত অপ্রত্যাশিত ও অনাকাক্সিক্ষত ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গভীরভাবে ব্যথিত করেছে। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে অপ্রীতিকর কর্মকা-ে জড়িত ছিল না। ক্যাম্পাসে সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শুধুমাত্র বৈধ শিক্ষার্থীরাই থাকবে তা নিশ্চিত করা হবে। প্রশাসনের নিজস্ব নীতিমালা অনুযায়ী আবাসিক হলগুলোতে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হবে। যৌক্তিক দাবি আদায়ের কর্মসূচি পালনের কারণে কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে ভবিষ্যতে কোনো হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে অবস্থান করবে জানিয়ে প্রশাসন বলছে, জরুরি প্রয়োজন ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশদ্বারে অবস্থান করবে। যাতে বহিরাগতরা ক্যাম্পাসে কোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ঘটাতে না পারে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে নির্ধারিত গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা আগের মতো নিয়োজিত থাকবেন।
বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে বিবৃতিতে বলা হয়, দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত হলগুলোর কক্ষগুলো সংস্কার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হওয়া সাপেক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে এ লক্ষ্যে কাজ করছে।