আইপিএলের গত আসরের নিলামে অস্ট্রেলিয়ার দুই পেস তারকা মিচেল স্টার্ক আর প্যাট কামিন্সের দাম নিয়ে তোলপাড় হয়েছিল। ২০ কোটি ৫০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক কামিন্সকে কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এর কিছু পরেই মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে কলকাতা নাইট রাইডার্স নতুন রেকর্ড গড়ে। এবার ইচ্ছামতো রুপি খরচ করে খেলোয়াড় কেনায় লাগাম টানছে আইপিএল কমিটি।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এই লাগামছাড়া অর্থ ব্যয় ঠেকাতে নতুন নিয়ম আনতে যাচ্ছে আইপিএল কমিটি। সেই নিয়মানুযায়ী, আইপিএলের বড় নিলামে (মেগা অকশন) কোনো ক্রিকেটারের জন্য যে দর উঠবে, পরের দুই বছর ছোট নিলামে (মিনি অকশন) সেই ক্রিকেটার তার থেকে বেশি অর্থ পাবেন না। সব ঠিক থাকলে আগামী নিলাম থেকেই এই নতুন নিয়ম চালু হতে যাচ্ছে।
উদাহরণ হিসেবে বলা যায়, ২০২১ সালের বড় নিলামে কামিন্সকে ৭ কোটি ২৫ লাখ রুপিতে নিয়েছিল নাইট রাইডার্স। সেই কামিন্সকেই গত নিলামে ২০ কোটি ৫০ লাখে দলে নেয় হায়দরাবাদ। অথচ, নতুন এই আইন আগে কার্যকর হলে কামিন্স ছোট নিলামেও ৭ কোটি ২৫ লাখ রুপির বেশি পেতেন না। তবে একজন ক্রিকেটারকে নিয়ে একাধিক দলের মাঝে লড়াই হতে পারে। দামও বাড়তে পারে। কিন্তু ক্রিকেটারের পকেটে সেই নির্দিষ্ট অর্থই যাবে।
প্রশ্ন উঠতে পারে, তাহলে বাকি টাকার কী হবে? কারা পাবে সেই অর্থ? এই বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। নতুন আইনে আরও কিছু ছোটখাট পরিবর্তনও আসতে পারে। তাছাড়া এখন থেকে নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলি বেশি অর্থ খরচ করতে পারবে। এতদিন ফ্র্যাঞ্চাইজিগুলি সর্বোচ্চ (স্যালারি ক্যাপ) ১০০ কোটি রুপি খরচ করতে পারত। এবার এই অঙ্কটা বাড়িয়ে ১২০ কোটি রুপি করা হবে। এছাড়া ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ আইন বাতিলের দাবি তুলেছে কিছু ফ্র্যাঞ্চাইজি।