খাগড়াছড়ির দীঘিনালায় বাসায় ঢুকে জুনেল চাকমা (৩১) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। তিনি ইউপিডিএফ প্রসীত গ্রুপের সংগঠক বলে জানা গেছে। গতকাল শনিবার ভোরে দীঘিনালার কবাখালি ইউনিয়নের শান্তি বিকাশ কারবারি পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত যুবক কবাখালি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তপ্ত কাঞ্চন চাকমার ছেলে।
ইউপিডিএফ প্রসীত গ্রুপের জেলা সংগঠক অংগ্য মারমা জানান, জুনেল দীঘিনালার শান্তি বিকাশ কারবারি পাড়ায় মাস্টার ললিত চাকমার বাসায় অবস্থান নিয়েছিলেন। ভোররাত ৪টার দিকে তিন-চারজন চিহ্নিত অস্ত্রধারী ঘরে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনার জন্য জেএসএস এমএন লারমা এবং ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
এদিকে দীঘিনালা থানার ওসি মো. নুরুল হক বলেন, জুনেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠনো হয়েছে।