বিতর্কিত ম্যাচে মরক্কোর বিপক্ষে হার দিয়ে প্যারিস অলিম্পিক শুরু করেছিল আর্জেন্টিনা। মরক্কোর বিপক্ষে খেলা সেই ম্যাচ নিয়ে ফিফায় নালিশ করেছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তবে তাদের অভিযোগ নাকচ করে দিল ফিফা।
এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া 'এক্স' এ জানিয়েছেন, 'মরক্কোর বিপক্ষে ম্যাচে বিভিন্ন ঘটনায় প্রতিবাদ জানিয়ে আর্জেন্টিনার অভিযোগ নাকচ করে দিয়েছে ফিফা ডিসিপ্লিনারি কমিশন। নিজেদের অধিকার রক্ষায় এএফএ জানতে চাইবে কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হলো এবং আপিল করার সুযোগ থাকা নিয়ে ভাবছি।'
আর্জেন্টিনা-মরক্কো ম্যাচে দ্বিতীয়ার্ধে যোগকরা সময়ে গোল করেছিল আর্জেন্টিনা। সেই গোলের পর মরক্কোর সমর্থকরা মাঠে বোতল ছুড়ে মারে, অনেকে মাঠেও প্রবেশ করেন। তাতে খেলা বন্ধ হলে ২-২ গোলে ড্র ধরে নিয়েছিলেন সবাই। তবে পরে জানা যায় ম্যাচ শেষ হয়নি। প্রায় দুই ঘণ্টা পর ভিএআর এ আর্জেন্টিনার গোল বাতিল হয়। শেষ পর্যন্ত ২-১ গোলে হারে আর্জেন্টিনা।
অবশ্য গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল আর্জেন্টিনা ৩-১ গোলে হারিয়েছে ইরাককে। এই জয়ে আলভারেজ-আলমাদাদের অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন টিকে রইল।