রিয়াল সিটি মিলানের সঙ্গে খেলতে যুক্তরাষ্ট্রে বার্সেলোনা

প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে নিউইয়র্কে এল ক্লাসিকো খেলবো রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। তার আগে পরে ম্যানচেস্টার সিটি ও এসি মিলানের সঙ্গে দুটি ম্যাচ খেলবে তারা। ১০ ফুটবলারকে ছাড়াই এই তিন ম্যাচ খেলতে ইতমধ্যে অরলান্ডোতে গেছে নতুন কোচ হানসি ফ্লিকের বার্সেলোনা। 

হালের সেনসেশন লামিনে ইয়ামাল নেই এই সফরে। ইয়ামালের এই সফরে না থাকা বোধগম্যই। ১৬ বছর বয়সে গত মৌসুমে ৩৮টি ম্যাচ খেলেছেন তিনি বার্সেলোনার হয়ে। জাতীয় দলের হয়েও খেলেছেন ১৪ ম্যাচ। এবারের ইউরোতে দুর্দান্ত খেলে নজর কেড়েছেন ফুটবল বিশ্বের। ব্যস্ত মৌসুম শেষে আপাতত ছুটি দেওয়া হয়েছে তাকে। ছুটি পেয়েছেন আরেক তরুণ ফরোয়ার্ড ফেরান তোরেসও। 

চোটের কারণে এই সফর থেকে ছিটকে পড়েছেন রোনাল্দ আরাউহো, গাভি, পেদ্রি, ফ্রেঙ্কি ডি ইয়ং ও আনসু ফাতি। আগামী অক্টোবরের আগে গাভির মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। আরাউহোকে বাইরে থাকতে হবে গোটা বছরই। ডি ইয়ং ফিরতে পারবে হয়তা শিগগিরই। ফাতি ও পেদ্রিও কয়েক সপ্তাহের মধ্যে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। স্পেনের হয়ে অলিম্পিক ফুটবলে অংশ নেয়া পাউ কুবার্সি, ফেরমিন লোপেজ ও এরিক গার্সিয়াও দলটিতে। 

সব মিলিয়ে ওই ১০জনকে ছাড়াই ৩১ জনের দল নিয়ে যুক্তরাষ্ট্র গেছেন নতুন কোচ হানসি ফ্লিক। রাফিনহা ও ইকাই গুন্দোয়ান দলের সঙ্গে যোগ দেবেন আলাদা করে। ১০ জন না থাকায় বার্সেলোনার যুব দলের বেশ কজন সম্ভাবনাময় তরুণকে এই সফরে নিয়ে গেছেন কোচ ফ্লিক।

মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) অরলান্ডোত ম্যানসিটির সঙ্গে প্রথম খেলবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রবিবার ভোরে নিউজার্সিতে রিয়াল মাদ্রিদের সঙ্গে দ্বিতীয় ম্যাচ খেলার পর ৭ অগাস্ট (ভোরে) বাল্টিমোরে তারা খেলবে এসি মিলানের বিপক্ষে।

এদিকে রিয়াল মাদ্রিদ ১ আগস্ট (ভোরে) এসি মিলান, ৭ আগস্ট চেলসির সঙ্গে আরো দুটি ম্যাচ খেলবে। আর মিলান ইতিমধ্যে ম্যানসিটির সঙ্গে একটি ম্যাচ খেলেছে, যেখানে ৩-২ গোলে ইংলিশ ক্লাবকে হারিয়েছে তারা। 

 

রিয়াল নতুন যোগ দেয়া কিলিয়ান এমবাপ্পে এবং জুড বেলিংহ্যাম আর দানি কারবাহালকে ছাড়াই গেছে যুক্তরাষ্ট্রে।