জয়ের বোলিংয়ে বাজিমাত, নাটকীয় জয় এইচপির

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৭:২৮ পিএম

জয় থেকে মাত্র ৬ উইকেট দূরে ছিল বাংলাদেশ এইচপি দল। আর পাকিস্তান শাহীনসের প্রয়োজন ছিল ১৬০ রান। শাহীনসের ব্যাটসম্যানরা এগোচ্ছিলেন প্রত্যাশামতোই। তবে তাদের পথের কাঁটা হয়ে এইচপি দলের ত্রাতা হলেন যেন অধিনায়ক মাহমুদুল হাসান জয়। শেষ মুহূর্তে বল হাতে জ্বলে উঠে দরকারি ৬ উইকেটের চারটাই তুলে নিয়ে বনে যান অলরাউন্ডার। আর তাতে বাংলাদেশ এইচপি দল পায় ৫ রানের জয়।

শাহীনসের বিপক্ষে ম্যাচটি ছিল প্রথম শ্রেণির ক্রিকেটের মর্যাদার। আর প্রথম শ্রেণিতে এটাই জয়ের প্রথম ফাইফার। গতকাল ১ উইকেটের পর আজ আরও ৪টি নিয়ে তিনি ৫ উইকেট শিকার করেছেন। এর আগে তার এক ইনিংসে সর্বোচ্চ ছিল ৮ রানে ২ উইকেট। এবার সেটা হলো ২১ রানে ৫ উইকেট। এই ম্যাচে তিনি এর আগে ব্যাট হাতেও দুই ইনিংসে করেছেন ফিফটি। তাতে ম্যাচটা হয়ে থাকল ‘জয়ময়’।

অস্ট্রেলিয়ার ডারউইনে বাংলাদেশ এইচপি ইউনিট ও পাকিস্তান শাহীনসের মধ্যকার চারদিনের এই প্রস্তুতি ম্যাচের আয়োজক অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি ক্রিকেট।

পরতে পরতে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে এইচপির ছুঁড়ে দেওয়া ২৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালোই লড়াই করেছেন পাকিস্তানের ব্যাটাররা। শেষপর্যন্ত এক জয়ের কাছেই হার মানতে হয়েছে দলটিকে। মাত্র ২১ রান খরচ করে জয় তুলে নেন শাহিবজাদা ফারহান, তায়াব তাহির, ওমাইর বিন ইউসুফ, মোহাম্মদ আলী ও খুররাম শাহজাদের উইকেট। বাকিদের মধ্যে রেজাউর রহমান রাজা তিনটি ও হাসান মুরাদ দুটি উইকেট শিকার করেন।

এর আগে ব্যাট হাতেও জয়ের পথটা বিছিয়ে দিয়েছিলেন জয়। বাংলাদেশ প্রথম ইনিংসে জড়ো করে ২৫৮ রান, যেখানে জয় করেন দলের পক্ষে সর্বচ্চ ৬৯ রান। এছাড়া ৫৫ রান আসে আইচ মোল্লার ব্যাট থেকে। জবাব দিতে নেমে শাহীনস গুটিয়ে যায় ১৭৯ রানে। সেবার বলে হাতই ঘুরাননি জয়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ জড়ো করে ২১৬ রান। সেবারো জয় সর্বোচ্চ স্কোরার, ৬৫ রানের ধৈর্যশীল ইনিংস। আইচ মোল্লাও এবারো হাঁকান অর্ধশতক। লিডের সুবাদে ২৯৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেন সাদমান-দিপু-অঙ্কনরা, যা তাড়া করতে নেমে জয়ের কাছেই ৫ উইকেট হারিয়ে, ৫ রানের পরাজয় বরণ করে পাকিস্তানিরা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ এইচপি ১ম ইনিংস: ২৫৮

পাকিস্তান শাহিনস ১ম ইনিংস: ১৭৯

বাংলাদেশ এইচপি ২য় ইনিংস: ২১৬

পাকিস্তান শাহিনস ২য় ইনিংস: (লক্ষ্য ২৯৬, আগের দিন ১৩৬/৪) (হাসিবউল্লাহ ৫১, তাহির ৪৩, ওমাইর ৪৫, আলি ২১, শাহজাদ ২৮, আকরাম ১, কাশিফ ১*; রিপন ২৩-৩-৭৪-০, মারুফ ১২-১-৩৮-০, রেজাউর ১৯-২-৮৫-৩, মুরাদ ২৬.২-৫-৬২-২, জয় ১৩-১-২১-৫)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত