মোটাদাগে এতদিন ধারণা ছিল ৬৩ কোটি ৫০ লাখ বছর আগে পৃথিবীতে প্রাণীর উদ্ভব হয়েছে। তবে কার্ডিফ ইউনিভার্সিটির নেতৃত্বে করা সর্বশেষ গবেষণায় অনেক আগের প্রাণীর বাস্তুতন্ত্র গঠনের সন্ধান মিলেছে। গবেষকরা বলছেন, পৃথিবীতে জটিল প্রাণের সূচনা হয়েছিল বিজ্ঞানীদের ধারণার চেয়েও প্রায় ১৫০ কোটি বছর আগে। সম্প্রতি বিজ্ঞানভিত্তিক জার্নাল প্রিক্যামব্রিয়ান রিসার্চে প্রকাশিত এক নিবন্ধে এমন তথ্য উঠে এসেছে। বিবিসি বলছে, মধ্য আফ্রিকার দেশ গ্যাবনের নিকটবর্তী ফ্রান্সভিল বেসিন বা অববাহিকায় এ বাস্তুতন্ত্র পাওয়া গেছে। গবেষণা দলটি বলছে, পাথরের গভীরে ২১০ কোটি বছর আগে প্রাণী জীবনের পরিবেশগত অবস্থার প্রমাণ পেয়েছেন তারা। এই বাস্তুতন্ত্র স্থলঘেরা এক সাগরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এরা বিশ্বে ছড়িয়ে পড়েনি ও শেষ পর্যন্ত সেখানেই বিলীন হয়েছে।
প্রাণের অস্তিত্ব নিয়ে প্রচলিত ধারণার সঙ্গে নতুন গবেষণার ফলাফল একেবারে বিপরীত বলে এর সঙ্গে সব বিজ্ঞানী একমত নন। বেশিরভাগ বিশেষজ্ঞের দাবি, পৃথিবীতে জটিল প্রাণের শুরু প্রায় ৬৩ কোটি ৫০ লাখ বছর আগে হয়েছিল। নতুন গবেষণায় পাওয়া নমুনায় অক্সিজেন ও ফসফরাসের মতো উপাদানের প্রমাণ মেলে কি না সে বিষয়টি নিশ্চিত হতে আশপাশের পাথর খতিয়ে দেখেছেন গবেষকরা।
কার্ডিফ ইউনিভার্সিটির অধ্যাপক আর্নেস্ট চি ফ্রু আন্তর্জাতিক এক বিজ্ঞানী দলের সঙ্গে কাজ করেছেন। চি ফ্রু বলেন, আমরা বলছি, এ গঠনে জীবাশ্ম রয়েছে, অক্সিজেন রয়েছে। আর এটি প্রথম জটিল প্রাণের চেহারাকে সামনে এনেছে। তিনি বলেন, ৬৩ কোটি ৫০ লাখ বছর আগে ক্যামব্রিয়ান যুগে যে প্রক্রিয়া এর আগে আবিষ্কৃত হয়েছে, সেই একই প্রক্রিয়া দেখা গেছে এখানেও, যা আমাদের পেছনে ফিরে যেতে সাহায্য করেছে। এমনকি আমাদের শেষ পর্যন্ত বুঝতে সহায়তা করেছে, আমরা সবাই কোথা থেকে এসেছি।
তবে এ গবেষণার সঙ্গে যুক্ত নন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক গ্রাহাম শিল্ডস। তার কিছু আপত্তিও রয়েছে এই গবেষণা থেকে আসা সিদ্ধান্তে। তিনি বলেন, আমি এই ধারণার বিরুদ্ধে নই যে, ২১০ কোটি বছর আগে পুষ্টিসমৃদ্ধ প্রাণী থাকতে পারে। তবে এটি জটিল জীবন গঠনের বৈচিত্র্যের দিকে নিয়ে যেতে পারে তা আমি বিশ্বাস করি না। আরও প্রমাণের প্রয়োজন ছিল।
কেবল অধ্যাপক শিল্ডসই নন, গবেষণার এ ফলাফলের সঙ্গে একমত নন এমন আরও বিজ্ঞানী আছেন।
তবে তত্ত্বের পক্ষে আরও প্রমাণ খুঁজতে অধ্যাপক চি ফ্রু ও তার গবেষণা দলটি গ্যাবনের পাথর থেকে খনন করা পলির একেবারে ভেতরের স্তর বিশ্লেষণ করেছে, যা থেকে ইঙ্গিত মিলেছে এ গঠন খুঁজে পাওয়ার ঠিক আগে এখানে প্রাণের জন্য এক পরীক্ষাগার তৈরি হয়েছিল।