হাইকোর্টের স্থায়ী বিচারক করা হলো ৯ বিচারপতিকে

দুই বছর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ১১ বিচারপতির মধ্যে ৯ জন স্থায়ী হিসেবে নিয়োগ পেয়েছেন। দুজনকে আরও ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট বিষয়ে পৃথক প্রজ্ঞাপন দিয়েছে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ৯ বিচারপতি হলেন মো. শওকত আলী চৌধুরী, মো. আতাবুল্লাহ, বিশ্বজিৎ দেবনাথ, মো. আলী রেজা, মো. বজলুর রহমান, কে এম ইমরুল কায়েশ, ফাহমিদা কাদের, মো. বশির উল্লাহ ও এ কে এম রবিউল হাসান। এ ছাড়া বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনকে আরও ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

২০২২ সালের ৩০ জুলাই ১১ জনকে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি।

৯ বিচারপতির প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের নয়জন অতিরিক্ত বিচারপতিকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। অন্য প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের দুজন অতিরিক্ত বিচারপতিকে ৩১ জুলাই থেকে আরও ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে ৯ বিচারককে শপথ পড়ান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঁইঞা।