ইংল্যান্ডে মসজিদের বাইরে দাঙ্গা আহত ৩৯ পুলিশ

ইংল্যান্ডের মার্সিসাইড জেলার সাউথপোর্ট শহরের একটি মসজিদের বাইরের সড়কে সংঘটিত দাঙ্গায় আহত হয়েছেন ব্রিটেন পুলিশের ৩৯ জন কর্মকর্তা ও সদস্য। তাদের মধ্যে অন্তত আটজনের অবস্থা আশঙ্কাজনক।

গত সোমবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৭ মিনিটে সাউথপোর্টে একটি শিশুদের নাচের কর্মশালায় ছুরি হাতে অতর্কিত হামলা চালায় ১৭ বছর বয়সী এক তরুণ। হামলাকারী তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ওই তরুণের নাম-পরিচয় প্রকাশ না করলেও গুজব ছড়িয়ে পড়ে, হামলাকারী ওই তরুণ মুসলিম।

মঙ্গলবার সন্ধ্যায় নিহতদের স্মরণে শোক মিছিল করে ঘটনাস্থলে যান হতাহতদের স্বজন ও সাধারণ লোকজন। শোক মিছিল শেষ হওয়ার কিছুক্ষণ পর একদল দাঙ্গাকারী মসজিদটি লক্ষ্য করে হামলা চালায়।