চলতি বছরের শেষে ভারতের চার রাজ্যের বিধানসভা ভোটে ক্ষমতা দখলের প্রস্তুতি শুরু করে দিচ্ছে কংগ্রেস। গতকাল বুধবার সকালে কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে দলীয় সদস্যদের একজোট হয়ে কোমর কষে নামার বার্তা দিলেন সোনিয়া গান্ধী। তিনি বলেন, লোকসভা ভোটে সাফল্য এসেছে ঠিকই, কিন্তু সেজন্য তুষ্ট হলে চলবে না। অতিমাত্রায় আস্থাবান হওয়াও নয়। জয়ের লক্ষ্যে আমাদের সবাইকে একজোট হয়ে ঝাঁপাতে হবে।
চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ভোট হওয়ার কথা জম্মুকাশ্মীর, মহারাষ্ট্র, হরিয়ানা ও ঝাড়খন্ড বিধানসভার। সেই নির্বাচন সামনের রেখে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন গতকাল তার ভাষণে বলেন, কয়েক মাসের মধ্যেই চার রাজ্যের ভোট। লোকসভা ভোটের সাফল্য ধরে রাখতে পারলে আমাদের জয় অবশ্যম্ভাবী। লোকসভার ভোট আমাদের একটা গতি দিয়েছে। মানুষের কাছে দলের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। সেই গতি ধরে রাখতে হবে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিপক্ষের মোকাবিলায় নামতে হবে। সোনিয়া বলেন, লোকসভা ভোটের ট্রেন্ড যদি আমরা ধরে রাখতে পারি, আমরা যদি ভালো ফল করতে পারি, তা হলে নিশ্চিত যে, জাতীয় রাজনীতির গতি-প্রকৃতি আমূল বদলে যাবে।