ভারতের লোকসভায় জাতীয় বাজেটের ভাষণে চক্রব্যূহ ভাঙার কথা বলায় সরকার তার ওপর নতুন করে প্রতিশোধ নিতে চাইছে বলে অভিযোগ করলেন বিরোধী নেতা রাহুল গান্ধী। গতকাল শুক্রবার ‘এক্স’ হ্যান্ডেলে এই অভিযোগ জানিয়ে তিনি লেখেন, শোধ নিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তার বিরুদ্ধে নতুন ছক কষছে বলে তিনি খবর পেয়েছেন। ইডির উদ্দেশে রাহুল লিখেছেন, দুই বাহু প্রসারিত করে স্বাগত জানাচ্ছি। চা ও বিস্কুট সহকারে।
হঠাৎ কেন ইডির এই তৎপরতা, সেই ব্যাখ্যাও রাহুল দিয়েছেন। তিনি লিখেছেন, বাজেট ভাষণে তিনি চক্রব্যূহ ভাঙার কথা বলেছিলেন। মনে হচ্ছে, সেটা তাদের পছন্দ হয়নি। ইডির এক সূত্র তাকে জানিয়েছেন, তারা নতুন করে তল্লাশি চালানোর ছক কষছে।
বাজেট ভাষণে মহাভারতের চক্রব্যূহর উল্লেখ করেছিলেন রাহুল। বলেছিলেন, অভিমন্যুকে হত্যার জন্য ওই চক্রব্যূহ তৈরি করা হয়েছিল। সেই চক্রব্যূহ দেখতে অনেকটা পদ্মফুলের মতো, যা প্রধানমন্ত্রী জামার বুকে সেঁটে রাখেন। সেই কারণে চক্রব্যূহকে পদ্মব্যূহও বলা হয়। রাহুলের ব্যাখ্যা ছিল, আদিবাসী, তফসিলভুক্ত জাতি-উপজাতি, দলিত, সংখ্যালঘু, সাধারণ দরিদ্র মানুষ আজকের অভিমন্যু। বিজেপির চক্রব্যূহে তাদের প্রাণ ওষ্ঠাগত। ভাবা হয়েছিল, বাজেটে তাদের প্রতি সুবিচার করা হবে। কিন্তু তা হয়নি। ফলে চক্রব্যূহে মারা যাচ্ছেন দেশের যুবসমাজ, কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মালিক, নারী ও সংখ্যালঘুরা।
রাহুল বলেছিলেন, মহাভারতের যুদ্ধের সময় চক্রব্যূহ রচনা করেছিলেন দ্রোণাচার্য, কর্ণ, কৃপাচার্য, কৃতবর্মা, অশ্বত্থামা ও শকুনি। একালের চক্রব্যূহ তৈরি করেন দুই শিল্পপতি মুকেশ আম্বানি ও গৌতম আদানি। এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই স্পিকার ওম বিড়লা আপত্তি জানিয়েছিলেন। বলেছিলেন, যারা সভার সদস্য নন তাদের নাম নেওয়া যাবে না।
গতকাল শুক্রবার সকালে রাহুলের মন্তব্য জানাজানি হওয়ার পর কংগ্রেসের পক্ষ থেকে লোকসভায় ইডি, সিবিআইয়ের মতো সরকারি সংস্থার অপব্যবহার নিয়ে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব জমা দেওয়া হয়। নোটিসে বলা হয়, লোকসভা ভোটের রায় সত্ত্বেও সরকার এসব সংস্থার মাধ্যমে বিরোধীদের আতঙ্কগ্রস্ত করে রাখার রাস্তা থেকে সরেনি।
তবে বিজেপি নেতা ও সাবেক মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ‘কিছু অ্যাকসিডেন্টাল হিন্দু আছেন, মহাভারত সম্পর্কে তাদের জ্ঞানও অ্যাকসিডেন্টাল। তবে রাহুল গান্ধী চক্রব্যূহের প্রসঙ্গ তুলে ভালোই করেছেন। দেশ কংগ্রেসের অনেক চক্রব্যূহ দেখেছে। তার দাবি, কংগ্রেস নিজেই একটা চক্রব্যূহ, যারা দেশকে বিভাজিত করেছে।
বাজেট বিতর্কে রাহুলের পর অনুরাগ ভাষণ দেন। তিনি রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করেন। তার জাত নিয়ে প্রশ্ন তোলেন। সে বিষয় নিয়ে প্রবল বিতর্কও হয়েছে।
এর আগে ন্যাশনাল হেরাল্ড মামলায় অর্থ পাচারের অভিযোগে রাহুল গান্ধীকে ইডি পাঁচ দিন ধরে দীর্ঘ ৫০ ঘণ্টা জেরা করেছিল।