আরও ১০৪ এইচএসসি পরীক্ষার্থী ও সমন্বয়ক আরিফের জামিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র দায়ের করা মামলায় গ্রেপ্তার দেশের ৮টি বিভাগের বিভিন্ন আদালতে ১০৪ শিক্ষার্থীকে গতকাল শনিবার জামিন দিয়েছে আদালত। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এসব তথ্য জানান। তিনি জানান, ঢাকা বিভাগে জামিন পেয়েছেন ৫৫ জন, এছাড়া চট্টগ্রাম বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ৪ জন, রংপুর বিভাগ ১২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন জামিন পান। এর আগে শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৬০ এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

দিনাজপুর : নাশকতামূলক কর্মকা-ের ঘটনায় পাঁচ মামলায় পাঁচ এইচএসসি পরীক্ষার্থীসহ ছয় জনের জামিন মঞ্জুর করেছে আদালত। গতকাল বিকেলে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন জেলার নবাবগঞ্জ উপজেলার মোগরপাড়া এলাকার সামিউল ইসলাম (১৯), চিরিরবন্দর উপজেলার কলেজ পাড়া এলাকার আব্দুল মান্নান (২৫), একই উপজেলার জগন্নাথপুর এলাকার মোছাদ্দেক হোসেন (১৯), সদর উপজেলার পাহাড়পুর এলাকার আবু রায়হান (১৯) ও ঘোড়াঘাট উপজেলার নয়া বাসস্ট্যান্ডের বাসিন্দা আব্দুল আলিম ওরফে আরিয়ান ওরফে রবিউল ইসলাম। অপরজন হলেন সদর উপজেলার চাউলিয়াপট্টি এলাকার শাহাজাহান আলীর ছেলে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিব হাসান (২৪)।

নীলফামারী : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃতদের মধ্যে সৈয়দপুরের মিনহাজ পায়েল (২০) নামে একজন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছে আদালত। গতকাল বিশেষ আদালতের মাধ্যমে বিজ্ঞ আমলি আদালত সৈয়দপুরের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহদেব চন্দ্র রায় তার জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত মিনহাজ পায়েল সৈয়দপুর বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের এইচএসসি পরীক্ষার্থী।

মাদারীপুর : তিন এইচএসসি পরীক্ষার্থীর জামিনের আদেশ আদালত থেকে গতকাল দুপুরে জেলা কারাগারে পৌঁছালে জেল সুপার তুহিন কান্তি খান ও জেলার মোহাম্মদ আতিকুর রহমান তাদের মুক্তি প্রদান করেন। মুক্তিপ্রাপ্তরা হলেন মাদারীপুর সদর উপজেলার চরগোবিন্দপুর গ্রামের রাব্বি শিকদার, পশ্চিম রঘুরামপুর গ্রামের নূর আলম সরদার এবং শহরের সরদার কলোনি এলাকার তানভীর কাজী।

গাজীপুর : সহিংসতায় মামলায় গ্রেপ্তার ৭ জন এইচএসসি পরীক্ষার্থী গাজীপুরের কাশিমপুরের  কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন। গতকাল তাদের মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা জানান, গতকাল সকালে তিনজন এবং বিকেলে আরও চারজন পরীক্ষার্থীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এসব শিক্ষার্থী নরসিংদী কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এসেছিলেন।

জাবি : বনানীর সেতু ভবনে হামলার ঘটনায় করা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেলকে জামিন দিয়েছে আদালত। একই মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎসকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।