চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলনে বিক্ষোভকারী, ছাত্রলীগ–যুবলীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় রবিবার (৪ আগস্ট) রাত ৮টা পর্যন্ত আহত ২৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন আহমেদ এই তথ্য জানিয়ে দেশ রূপান্তরকে বলেন, ‘সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৩৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে ১১২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। গুরুতর আহত ২৬ জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত আহতদের কেউ মারা যায়নি।’
হাসপাতালের আরেকটি সূত্র জানায়, আহত ২৬ জনই গুলিবিদ্ধ। এর মধ্যে তিনজন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তারা হলেন মিনহাজ রনি (২৭), আদনান ও শাহেদ।
বাকি আহতদের মধ্যে ২২ জনের নাম জানা গেছে। তারা হলেন মো. আলাউদ্দিন (২৬), সোহরাব হোসেন (২২), ফয়সাল (২৫), আশরাফুল (৩০), জাহাঙ্গীর (২৬), সৌরভ (২২), মনির (২২), চিশতী (২৮), তাহমিন (১৯), শান্ত ইসলাম (২২), মাঈনউদ্দিন (২৪), কাওছার হোসেন (২৪), মো. মারুফ (২৭), মাহবুব হোসেন (২৪), এহসান উল্যাহ (২৮), মো. শাহীন (২৬), শাহীন (২৪), আদিল (২৫), শাকিব উদ্দিন (২৩), রিদোয়ান (২৪), সাকিব উদ্দিন (২৩), ফারুক (২০), জয়নাল আবেদীন, সাজিদুল হক এবং আইনজীবী এস এম আবু তাহের।