দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও মন্দিরে হামলার প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় বিক্ষোভকারীরা ৪ দফা দাবি জানান। তাদের দাবিগুলো হলো সংখ্যালঘু মন্ত্রণালয়, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সব ধরনের হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে।
এর আগে প্রেস ক্লাবে পূর্ব নির্ধারিত কর্মসূচি শেষে তারা শাহবাগে এসে অবস্থান নেন। শাহবাগ থানার ওসি মোস্তাজিজুর রহমান বলেন, ‘সাড়ে ৩টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সনাতন ধর্মাবলম্বীরা। এতে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভে অংশ নেওয়া নয়ন চক্রবর্তী বলেন, ‘দেশটা তো সবার। এখানে আমাদের নিরাপত্তা চাই। জামায়াত বা অন্য যে কেউ ক্ষমতায় আসুক, আমাদের সমস্যা নেই। কিন্তু আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই।’ পল্লব কুমার নামে আরেকজন আন্দোলনকারী বলেন, ‘সারা দেশ থেকে আমরা একত্রিত হয়েছি। আমরা আমাদের বাসভবন ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই। অতি দ্রুত আমাদের দাবি মেনে নেওয়া হোক।’
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর থেকে সারা দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা অগ্নিসংযোগসহ মন্দির ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতেই আন্দোলনে নেমেছেন সনাতন ধর্মাবলম্বীরা।