বিরোধীদের সঙ্গে আলোচনায় রাজি নন মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো দেশটির বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে তার আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। গত শুক্রবার ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের শুনানিতে অংশ নেওয়ার পর এ কথা বলেন তিনি। বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে তার পুনর্নির্বাচিত হওয়ার বিষয়কে অনুমোদন দিতে আদালতে অনুরোধ জানিয়েছেন তিনি।

মাচাদোর দেওয়া আলোচনার প্রস্তাবের বিষয়ে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে মাদুরো এসব কথা বলেছেন। মাচাদো তাকে আলোচনার মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব দিয়েছেন।

গত ২৮ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে ভেনেজুয়েলার নির্বাচন কর্র্তৃপক্ষ মাদুরোকে জয়ী ঘোষণার পর থেকে লাতিন আমেরিকার দেশটিতে রাজনৈতিক সংকট চলছে। মাদুরোর নির্বাচিত হওয়া নিয়ে দেশটির ভেতরে এবং বহির্বিশ্বে প্রশ্ন উঠেছে।

ভেনেজুয়েলার জাতীয় নির্বাচন কাউন্সিল (সিএনই) বলেছে, মাদুরো ৫২ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তবে সিএনই এখনো নির্বাচনের পুঙ্খানুপুঙ্খ ফল প্রকাশ করেনি। ইতিমধ্যে বিরোধী দল গণনা হওয়া ভোটের ৮২ শতাংশের ফলের তথ্য প্রকাশ করেছে।