আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকারের বিভিন্ন দপ্তর এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিরা একের পর এক পদত্যাগ করছেন। সর্বশেষ গতকাল সোমবার পদ থেকে সরে দাঁড়ানোর এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন আরও ১৪ জন। যাদের মধ্যে রয়েছেন পুঁজিবাজার ও আর্থিক খাতের দুই নিয়ন্ত্রক সংস্থা এসইসি ও কেন্দ্রীয় ব্যাংকের ছয় শীর্ষ কর্মকর্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার প্রসিকিউটর, শিল্পকলা একাডেমির মহাপরিচালক, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য (ভিসি) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি। এ ছাড়া ওএসডি হওয়ার পর বদলি হয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) পরিচালক ও সহকারী পরিচালক।
এসইসি ও কেন্দ্রীয় ব্যাংকের ৬ শীর্ষ কর্মকর্তার পদত্যাগ : পুঁজিবাজার ও আর্থিক খাতের দুই নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এবং কেন্দ্রীয় ব্যাংকের ছয় শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। গত রবিবার রাতে আর্থিক বিভাগের নির্দেশে এসইসির দুই কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ ও রুমানা ইসলাম পদত্যাগ করেন। আর ছাত্রদের আলটিমেটামের মুখে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের চার কর্মকর্তা পদত্যাগ করেছেন। তারা হলেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও খুরশীদ আলম এবং বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাস ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফরাহ মো. নাছের।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সংস্থাটির শীর্ষ চার কর্মকর্তার পদত্যাগ দাবিতে আলটিমেটাম দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এক দিনের মধ্যে তারা পদ থেকে সরে না দাঁড়ালে কেন্দ্রীয় ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। ওই আলটিমেটামের ঘণ্টাখানেকের মধ্যেই পদত্যাগ করেন চার উচ্চপদস্থ কর্মকর্তা। শিক্ষার্থীদের পক্ষে আলটিমেটাম দেন মহিউদ্দিন রনি। তিনি বলেন, ‘আর্থিক খাতে অনিয়মের এই দোসররা যদি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বে থাকেন, তাহলে এভাবে দেশের অর্থ আরও লুটপাট হবে। পাশাপাশি তাদের হাতে টাকা গেলে তারা মানুষ এবং অস্ত্র কিনবেন। যার মাধ্যমে দেশ অস্থিতিশীল হয়ে উঠবে। এ জন্য চার কর্মকর্তা পদত্যাগ না করলে ছাত্র-জনতা বাংলাদেশ ব্যাংক ঘেরাও করবে।’
পদত্যাগের পর এসইসির সদ্য সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘ফ্লোর প্রাইস নিয়ে রবিবার প্রায় সারা দিনই আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের সঙ্গে কাজ করেছি। তখনো তিনি আমাকে পদত্যাগের বিষয়ে কোনো ঈঙ্গিত দেননি। কিন্তু সন্ধ্যায় ফোন করে বলা হলো, পদত্যাগ করতে। সঙ্গে সঙ্গে পদত্যাগ করে চলে এসেছি।’
প্রায় একই সময়ে পদত্যাগ করেন আরেক কমিশনার রুমানা ইসলাম। এ নিয়ে পাঁচ সদস্যের কমিশনের মধ্যে চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ নিয়ন্ত্রক সংস্থা এসইসির তিনজন পদত্যাগ করলেন। বর্তমানে দায়িত্বে আছেন দুই কমিশনার মু. মোহসিন চৌধুরী ও ড. এটিএম তারিকুজ্জামান। এর মধ্যে রবিবার মোহসিন চৌধুরীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
সর্বশেষ গত ৮ মে এসইসির কমিশনার হিসেবে দ্বিতীয় মেয়াদে চার বছরের জন্য পুনর্নিয়োগ পান শেখ শামসুদ্দিন আহমেদ। দ্বিতীয় দফায় নিয়োগের তিন মাসের মাথায় এসে তাকে পদত্যাগ করতে হলো দেশের পরিবর্তিত পরিস্থিতিতে। আর এসইসিতে প্রথম নারী কমিশনার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক রুমানা ইসলাম নিয়োগ পান ২০২২ সালের ৮ মে। চার বছর মেয়াদে নিয়োগ পান তিনি। তবে মেয়াদ পূর্তির আগেই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাকেও পদ ছাড়তে হলো।
পদ ছাড়লেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার প্রসিকিউটর : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার প্রসিকিউটর পদত্যাগ করেছেন। তারা হলেন সাহিদুর রহমান, আবুল কালাম আজাদ, রেজিয়া সুলতানা চমন ও আলতাফ উদ্দিন আহমেদ। গতকাল তারা আইন মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র ট্রাইব্যুনালের প্রশাসনিক শাখায় জমা দেন। প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আজকে (গতকাল) তারা চারজন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় বরাবরে পদত্যাগপত্র ট্রাইব্যুনালে জমা দিয়েছেন। তারা সবাই পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। এখন তাদের এই পদত্যাগপত্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে।’
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে স্বাধীনতার ৩৯ বছর পর ২০১০ সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারকালে শুনানি করতে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা গঠন করা হয়। পরে ২০১২ সালের ২২ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০১৫ সালের সেপ্টেম্বরে দুটি ট্রাইব্যুনালকে একীভূত করার পর এখন একটি ট্রাইব্যুনালে বিচারকাজ চলছে।
শিল্পকলা একাডেমি থেকে লিয়াকত আলী লাকীর পদত্যাগ : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদত্যাগ করেছেন। গতকাল বিকেলে তিনি পদত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ। তিনি বলেন, ‘লিয়াকত আলী লাকী হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সেখানে তিনি উদ্ভূত পরিস্থিতিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা উল্লেখ করেছেন। তাকে কেউ পদত্যাগে বাধ্য করেছেন, এমন কিছু জানি না।’
৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর সারা দেশে ব্যাপক হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে মহাপরিচালকের দপ্তরসহ অন্তত ১৫ কর্মকর্তার কক্ষে তালা দেয় কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষুব্ধ একটি অংশ। যাদের কক্ষে তালা দেওয়া হয়, তারা ‘লাকীর লোক’ হিসেবে একাডেমিতে পরিচিত ছিল বলে জানা গেছে।
২০১১ সালে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর অনেকবারই লিয়াকত আলী লাকীকে অপসারণের দাবি ওঠে। দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের তাকে জিজ্ঞাসাবাদ করার কথাও জানা যায়। ২০২৩ সালে সপ্তমবারের মতো বাড়ানো হয় তার মেয়াদ, যা ছিল নজিরবিহীন।
ডুয়েট ও কুয়েট ভিসির পদত্যাগ : গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভিসি অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান পদত্যাগ করেছেন। গতকাল রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বরাবর তিনি পদত্যাগপত্র পাঠান। পদত্যাগের কারণ হিসিবে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেন।
অন্যদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার এবং প্রো-ভিসি অধ্যাপক ড. সোবহান মিয়া পদত্যাগ করেছেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা। কুয়েট ভিসি ড. মিহির রঞ্জন হালদার তার পদত্যাগপত্রে লেখেন, ‘ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম। এই পদত্যাগের কারণে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে এবং পূর্ণকালীন/ ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর রাষ্ট্রপতি কর্র্তৃক নিয়োগ না পাওয়া পর্যন্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন।’
রংপুর মেডিকেলের পরিচালক-সহকারী পরিচালক ওএসডি : ওএসডি হওয়ার পর বদলি হয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী এবং সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মজিদুল ইসলাম। গতকাল স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক এবং সংশ্লিষ্ট জেলা প্রতিনিধিদের দেওয়া তথ্যে প্রতিবেদনটি তৈরি।