চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে আব্দুল্লাহ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের নিশিপাড়ার নজরুল ইসলামের ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করলেও বিজিবি বলছে, ঘটনা তারা শুনেছেন তবে নিশ্চিত হতে পারেননি।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন জানান, আব্দুল্লাহ নারায়ণপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। নদী ভাঙনের কারণে পাকা ইউনিয়নের নিশিপাড়ায় বসবাস করছিল। রবিবার রাতে আব্দুল্লাহসহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে। ভারতের প্রায় তিন কিলোমিটার অভ্যন্তরে জঙ্গিপাড়া ইটভাটা এলাকায় গেলে বিএসএফের চাঁদনীচক ক্যাম্পের সদস্যরা গুলি করলে সে ঘটনাস্থলেই মারা যায়। তবে অক্ষত অবস্থায় তার সহযোগিরা বাংলাদেশে ফিরে আসে। স্থানীয়রা জানায়, আব্দুল্লাহ গরু আনতে ভারত গিয়েছিল। সে গরু চোরাচালানের সঙ্গে জড়িত ছিল।
এ ব্যাপারে, চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির উজ জামান বলেন, সীমান্ত এলাকায় একজন বাংলাদেশি মারা গেছেন এমন খবর জেনেছি। এ বিষয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। তবে বিএসএফ চিঠির উত্তর দেয়নি এখনো।