ঘরের মাঠে বিশ্বকাপে আর্জেন্টাইন তারকা কোচেই ভরসা যুক্তরাষ্ট্রের

আগামী বিশ্বকাপ নিজেদের ঘরের মাঠে। সেই উপলক্ষ্যে আগেভাগেই দল গোছানোর পথে হাঁটা শুরু করেছে যুক্তরাষ্ট্র ফুটবল দল। একজন দক্ষ কোচের দিকেও নজর ছিল তাদের। সেই লক্ষ্য পূরণ হতে চলেছে। টটেনহাম, পিএসজি ও চেলসির সাবেক আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোকে নিজেদের কোচ হিসেবে পেতে চলেছে যুক্তরাষ্ট্র। পচেত্তিনো নিজেও সম্মত হয়েছেন এ দায়িত্ব নিতে।

নিউইয়র্ক টাইমসসহ ফুটবলের অভ্যন্তরীণ সংবাদের বিশ্বস্ত সূত্র হিসেবে পরিচিত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানিও এ তথ্য নিশ্চিত করেছেন। ঘরের মাঠে সদ্য সমাপ্ত কোপা আমেরিকায় উঁচু প্রত্যাশা ছিল যুক্তরাষ্ট্রকে নিয়ে। সে চাহিদা পূরণে ব্যর্থ হয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় দলটিকে। তখনকার কোচ গ্রেগ বারহেলটারকে কোপা শেষেই বরখাস্ত করে দেশটি।

এর পর থেকেই একজন তারকা কোচের খোঁজে ছিল যুক্তরাষ্ট্র। গত সপ্তাহেই এ আসনে পচেত্তিনোর প্রতি আগ্রহের গুঞ্জন জোরালো হয়। তবুও যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন সম্ভাব্য তালিকায় আরও কয়েকজনকে রেখেছিল। অবশেষে পচেত্তিনো রাজি হওয়ায় সে দ্বিধা কেটে গেল।

আর্জেন্টাইন এ তারকা কোচ এর আগে কখনও জাতীয় দলের দায়িত্ব সামলাননি। তবে ক্লাব ফুটবলে তার নৈপুণ্য নজরকাড়া। সাউদ্যাম্পটনের কোচ হিসেবে ২০১৩ সালে ক্লাবটিকে প্রিমিয়ার লিগে অষ্টম অবস্থানে নিয়ে আসেন। টটেনহামের কোচ থাকাকালে ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ অর্জন নিশ্চিত করেন। এর মধ্যে ২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও তোলেন স্পার্সদের। পিএসজির কোচ হিসেবে ফ্রান্সের লিগ ওয়ান শিরোপা জেতেন।

গত মৌসুমে দুর্দশায় থাকা চেলসির দায়িত্ব নিয়ে ষষ্ঠ অবস্থানে শেষ করার পাশাপাশি ইউরোপিয়ান প্রতিযোগিতার বাছাইপর্ব খেলা নিশ্চিত করেন পচেত্তিনো। যুক্তরাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করলে ইয়ুর্গেন ক্লিনসম্যানের পর দেশটির ইতিহাসের দ্বিতীয় হাই প্রোফাইল কোচ হবেন তিনি।