আগামী রবিবার বিশ্ববিদ্যালয়সহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আগামী রবিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ সিন্ডিকেট সভা ডেকে প্রয়োজন ব্যবস্থা নেবে। এর আগে গত বুধবার খুলে দেওয়া হয় দেশের সব প্রাথমিক বিদ্যালয়।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় কয়েক দফায় স্থগিত করার পর এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর শুরু হচ্ছে। এ বিষয়ে গতকাল সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সূচি অনুযায়ী, এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ৮ অক্টোবর। আর ১৫ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
গত মঙ্গলবার ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু করার সময়সূচি অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা (শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে)। সময়সূচি বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় ১১ আগস্ট নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু পরে জানানো হয়, ১১ আগস্ট পরীক্ষা হচ্ছে না। শিক্ষা বোর্ডের একটি সূত্র বলেছিল, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকার থানায় হওয়া হামলায় প্রশ্নপত্র রাখা ট্রাংক ক্ষতিগ্রস্ত হয়। এজন্য ১১ আগস্ট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল। প্রায় এক মাস পর এ পরীক্ষা শুরু হতে যাচ্ছে।