ড. ইউনূসকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও শ্রীলঙ্কার প্রেসিডেন্টের অভিনন্দন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

গত ১৪ আগস্ট (যুক্তরাজ্যের সময়) ড. ইউনূসকে পাঠানো এক অভিনন্দন বার্তায় কিয়ার স্টারমার বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আপনার নিয়োগ লাভকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই।’

তিনি আরও বলেন, ‘আমরা আপনার ও অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ। কারণ এ সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ভবিষ্যতের পথে একটি শান্তিপূর্ণ উত্তরণের সুযোগ তৈরি করেছে।’

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসের এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে, জাতির সামনে বিদ্যমান একাধিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আপনার নেতৃত্ব গুরুত্বপূর্ণ হবে।

গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বুধবার গভীর রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে।

এ সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অধ্যাপক ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসায় অভিনন্দন জানান। কয়েক দশক ধরে বাংলাদেশে ব্যবসা করছেন এমন শ্রীলঙ্কার বিনিয়োগকারীদের দেশে থাকার এবং-এর বৃদ্ধি ও অগ্রগতিতে গঠনমূলক ভূমিকা পালন করারও পরামর্শ দেন। এ সময় ড. মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।