জার্মানিকে ৬০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এ লক্ষ্যে দুই দেশের মধ্যে ৫০০ কোটি ডলারের একটি চুক্তি হয়।
পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি বিবৃতি দিয়ে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও নিরাপত্তা-সংক্রান্ত নীতি মেনে এই মিসাইল বিক্রি করা হচ্ছে। এর ফলে ন্যাটোর একটি শরিক দেশের নিরাপত্তা বাড়বে। এই দেশটি ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থায়ীত্বের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শক্তি।
বিবৃতিতে বলা হয়েছে, এটা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে জার্মানির জাতীয় ও আঞ্চলিক প্রতিরক্ষা উন্নত করার লক্ষ্য পূরণে সাহায্য করবে। বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিক্রিতে ছাড়পত্র দিয়েছে। তবে এরপর মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে। শত্রুর বিমান বা মিসাইলের মোকাবিলা লক্ষ্যের ১০০ কিলোমিটার দূরে, ৩০ কিলোমিটার উঁচুতে আঘাত করতে পারে প্যাট্রিয়ট। ঠা-া যুদ্ধের সময় থেকে জার্মানির কাছে ৩৬টি প্যাট্রিয়ট ছিল। পরে সেই সংখ্যা কমে যায়।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর জার্মানি তিনটি প্যাট্রিয়ট কিয়েভকে দেয়।