নতুন কোচে নতুন শুরু লিভারপুলের

৯ মৌসুম পর ইংলিশ প্রিমিয়ার লিগে আজ লিভারপুল খেলতে নামে অন্য কোচের অধিনে। প্রথম পরীক্ষায় ভালোভাবেই পাশ করেছেন অলরেডদের নতুন কোচ আর্না স্লট। ইয়ুর্গেন ক্লপ গেল মৌসুম শেষে দায়িত্ব ছাড়েন।

২২ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা ইপসউইচ টাউনের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে লিভারপুল। অলরেডদের দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।

৬০ মিনিটে মোহামেদ সালাহর অ্যাসিস্ট থেকে গোল করেন দিয়োগো জোতা। পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন সালাহ।

তাতে প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডে সবচেয়ে বেশি গোলের রেকর্ড একার করে নিলেন সালাহ (৯)। তিনি ছাড়িয়ে গেলেন অ্যালান শিয়েরার (৮), ওয়েইন রুনি (৮) ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে (৮)।