আঙুলে চোট মুশফিকের

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৭:৪২ পিএম

পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দুটি চার দিনের ম্যাচের প্রথম ম্যাচটি ড্র হয়। সেই ম্যাচের ফাঁকে অনুশীলন করতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছেন মুশফিকুর রহিম।

আঙুলে ব্যথা পাওয়ার কারণে ম্যাচে ‘এ’ দলের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারেননি মুশফিক। তবে পাকিস্তানের বিপক্ষে আগামী ২১ আগস্ট শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগেই চোট থেকে সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

আজ বিসিবির এক ভিডিও বার্তায় নিজের ব্যাটিং প্রসঙ্গে মুশফিক বলেন, ‘কয়েক দিন ভারী বর্ষণের কারণে ম্যাচটা বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা যথাযথ অনুশীলন করতে পারিনি। প্রথম কয়েক দিনে শুধু একটি নেট সেশন হয়েছিল। এটিও আদর্শ নয়। তবে মাঠে আমি সেরাটা দিয়ে চেষ্টা করেছি। প্রথম ইনিংসে আমাদের পক্ষে ছিল না। দ্বিতীয় ইনিংসের আগে নেটে আমি আঙুলে ব্যথা পেয়েছিলাম। তাই ব্যাটিং করিনি। আশা করি, দ্রুতই সেরে উঠব এবং প্রথম টেস্ট খেলব।’

‘এ’ দলের ম্যাচটির অভিজ্ঞতার কথা জানিয়েছে মুশফিক বলেন, 'এখন পর্যন্ত সবকিছু দারুণ। যদিও ম্যাচটা আমাদের পক্ষে আসেনি। আবহাওয়াও কিছুটা বাঁধ সেধেছে। আমার মতে, পাকিস্তান শাহিনস অনেক ভালো খেলেছে। বিশেষ করে উমার ভাই অসাধারণ খেলেছেন। ‘এ’ দলে বেশ কয়েকজন তরুণ ছেলে আছে। আমি নিশ্চিত তারা এটি থেকে অনেক শিখতে পেরেছে।’

‘এ’ দলের ম্যাচগুলো ক্রিকেটারদের প্রস্তুতি নিতে সাহায্য করবে বলে জানান এই অভিজ্ঞ ক্রিকেটার। ‘আমাদের সামনে কয়েকটি টেস্ট ম্যাচ আছে। এই স্কোয়াড থেকে যারা ওই দলে যোগ দেবে, নিশ্চিতভাবেই এটি সাহায্য করবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত