চলমান এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ

চলমান এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন পরীক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ৫ দফা দাবি উল্লেখ করেন।

শিক্ষার্থীরা বলেন, দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পরীক্ষায় বসতে চাই না। এই পরিস্থিতিতে পরীক্ষা নিলে আমাদের মূল্যবান সময় ও ভবিষ্যতের ক্ষতি হবে। তাই এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো বাতিল ও বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া হোক। এছাড়াও আন্দোলন সংগ্রামে অনেক শিক্ষার্থী আহত হয়েছে এখন তাদের পরীক্ষায় বসা সম্ভব না। তাছাড়া নতুন রুটিন অনুযায়ী ফলাফল প্রকাশ হতে ডিসেম্বর মাস চলে আসবে। এর ফলে আমাদের অতি মূল্যবান সময় অপচয় হবে এবং আমাদের সামনের জীবন বাধাগ্রস্ত হবে। প্রতিনিধিদের পাঠানো খবর:

বরিশাল : গতকাল দুপুর ১২টায় নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক সদর রোড অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করেন তারা। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বরিশাল কলেজ, অমৃত লাল দে কলেজ, মহিলা কলেজ, সিটি কলেজসহ বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

রাজশাহী: বিকল্প মূল্যায়নসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন এইচএসসি-২৪ ব্যাচের পরীক্ষার্থীরা। দুপুরে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

মাগুরা : শহরের ভায়নার মোড়ে বিজয় স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। মাগুরা মহিলা কলেজের শিক্ষার্থী সাবিহা মৌ বলেন, হয় আমাদের ৫০ মার্কের শর্ট পরীক্ষা নিতে হবে অথবা ২০২০-এর মতো অটো পাস দিতে হবে।

গাজীপুর : স্থগিত পরীক্ষা বাতিলসহ কয়ে কদফা দাবি আদায়ে দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।