শেখ হাসিনার প্রতিটি অপরাধের বিচার হবে : রিজভী

চুলচেরা বিশ্লেষণ করে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতিটি অপরাধের বিচার হবে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হলে অন্যায়কারী, অপরাধীরা পার পাবে না। অনেকে পালিয়েছেন তাতেও পার পাবেন না। শেখ হাসিনাসহ সবার অপরাধ জনসমুক্ষে প্রকাশ হবে।’ গতকাল শনিবার রংপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

গতকাল দুপুরে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে যান রুহুল কবির রিজভী। বিএনপির এই জ্যেষ্ঠ নেতার সঙ্গে ছিলেন তার স্ত্রী আইভী রিজভী। প্রথমে আবু সাঈদের কবর জিয়ারত করেন রুহুল কবির রিজভী। এরপর তিনি আবু সাঈদের মা-বাবার সঙ্গে কিছু সময় কথা বলেন এবং তাদের সমবেদনা জানান।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বার্তা দিতে বলেছেন যে, বিএনপি ক্ষমতায় গেলে আবু সাঈদের নামে জনহিতকর প্রতিষ্ঠান করা হবে। সেটা হতে পারে হাসপাতাল, কলেজ বা বিশ^বিদ্যালয়। এটি পীরগঞ্জ, রংপুর বা ঢাকাতেও হতে পারে।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে আমরা স্বস্তির নিশ্বাস নিতে পারছি। জনগণের শক্তির ওপর কোনো শক্তি নেই। এ শক্তির মূল হলো কিশোর-তরুণরা। যুগে যুগে যখন তরুণরা ঝাঁপিয়ে পড়েছে তখন কোনো দর্জালরা ক্ষমতায় টিকে থাকতে পারেনি।’