খাগড়াছড়িতে ভারী বর্ষণে পাহাড় ধস যান চলাচল বন্ধ

ভারী বর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধসে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সড়কের দুপাশে বহু যানবাহন আটকা পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল শনিবার সকালে খাগড়াছড়ি-আলুটিলা সড়কের সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জাকের হোসেন বলেন, ‘আলুটিলা পাহাড়ের সাপমারা এলাকায় পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের খাগড়াছড়ি ও মাটিরাঙা ইউনিটের সদস্যরা এসে মাটি সরানোর কাজ শুরু করেছেন। তবে আমাদের জনবল কম থাকায় কাজ শেষ করতে সময় লাগবে।’ তবে সকাল ১০টার দিকে সড়ক ও জনপথ বিভাগও কাজে যোগ দেয় বলে জানান তিনি।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, ‘আলুটিলা সাপমারা এলাকায় ভোরে মাটি ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের ওপর প্রচুর মাটি চলে এসেছে। মাটি সরানোর কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে আমরাও যোগ দিয়েছি। এটি যান চলাচলের উপযোগী করতে বেশ সময় লাগবে।’