ছাত্রলীগকর্মীকে হত্যার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

বরিশালের গৌরনদীতে চাঁদা না দেওয়ার অভিযোগে ছাত্রলীগকর্মী রাশেদ সিকদারকে (২২) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শনিবার বার্থী ইউনিয়ন ছাত্রদল সভাপতি আল আমিনসহ পাঁচজনের নামে গৌরনদী মডেল থানায় হত্যা মামলা করা হয়েছে।

নিহত রাশেদ উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামের কালাম শিকদারের ছেলে। তিনি ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বার্থী বাসস্ট্যান্ড এলাকায় রাশেদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় আহত রাশেদকে প্রথমে গৌরনদী, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

মামলার বাদী নিহতের বড় ভাই রাসেল শিকদার অভিযোগ করে বলেন, বার্থী ইউনিয়ন ছাত্রদল সভাপতি আল আমিন তালুকদার ও তার ভাই হামিম তালুকদার সম্প্রতি রাশেদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি করা চাঁদা দিতে অস্বীকার করায় গত শুক্রবার রাত ৮টার দিকে বার্থী বাজারে বসে ছাত্রদল নেতা আল আমিন তালুকদার, তার ভাই হামিম তালুকদার, ছাত্রদলকর্মী সাইমুন তালুকদারসহ ১০-১৫ জন রাশেদের ওপর হামলা চালান। এ সময় আত্মরক্ষার জন্য রাশেদ দৌড়ে বার্থী বাজারের কামরুল খানের দোকানে আশ্রয় নেয়। সেখান থেকে জোর করে বার্থী বাসস্ট্যান্ড এলাকায় ধরে নিয়ে গিয়ে হামলাকারীরা রাশেদকে বেধড়ক পেটান। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত জখম হয়।

এ হত্যাকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বার্থী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক বিপুল সরকার বলেন, ‘রাশেদ তার ফেসবুকে ছাত্রলীগের সমর্থনে বিভিন্ন সময় পোস্ট দিয়ে আসছিলেন। এতে ছাত্রদলের নেতাকর্মীরা তার ওপর ক্ষুব্ধ হন। আমরা গ্রামবাসী রাশেদ হত্যাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

অভিযোগের ব্যাপারে জানতে বার্থী ইউনিয়ন ছাত্রদল সভাপতি আল আমিনের মোবাইল ফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

গৌরনদী উপজেলা ছাত্রদল সভাপতি রুবেল গোমস্তা বলেন, ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আল আমিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে গৌরনদী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘দাবি করা চাঁদা না পেয়ে রাশেদকে পিটিয়ে হত্যা করার অভিযোগ এনে তার ভাই রাসেল শিকদার থানায় একটি হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চলছে। রাশেদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’